২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণী অবমুক্ত

জন্মাষ্টমী উপলক্ষে শ্রীমঙ্গল শহরের প্রাণী সংরক্ষক সিতেশ রঞ্জন দেব নিজের চিড়িয়াখানা থেকে রোববার ১৭টি বন্য প্রাণী ও অর্ধশতাধিক কাঁকড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

মৌলভীবাজার, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -জন্মাষ্টমী উপলক্ষে শ্রীমঙ্গল শহরের প্রাণী সংরক্ষক সিতেশ রঞ্জন দেব নিজের চিড়িয়াখানা থেকে রোববার ১৭টি বন্য প্রাণী ও অর্ধশতাধিক কাঁকড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছেন। মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসক মুহা. আলকামা সিদ্দিকী দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রাণীগুলো খাঁচা থেকে অবমুক্ত করেন। এগুলোর মধ্যে ছিল- একটি অজগর, দুইটি লজ্জাবতী বানর, একটি মেছোবাঘ, দুইটি সোনালী বিড়াল, একটি ধনেশ ও দশটি কোয়েল পাখি। এসব প্রাণী বিভিন্ন সময়ে বন থেকে লোকালয়ে এসে ধরা পড়ার পর সিতেশ বাবুর চিড়িয়াখানায় আশ্রয় পেয়েছিল। এ ছাড়াও অর্ধশতাধিক কাঁকড়া পাহাড়ি ছড়ায় ছাড়া হয়েছে। এ সময় মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা ও প্রাণী সংরক্ষক সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মদিনুল আহসান, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক মল্লিক এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। সিতেশ রঞ্জন দেব বলেন, "প্রাণিগুলো গত কয়েক মাসে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মানুষের হাতে ধরা পড়েছিল। এদের অধিকাংশই উদ্ধার করার সময় আহত ছিল। চিড়িয়াখানায় রেখে এদের সুস্থ করা হয়েছে। আর কাঁকড়াগুলো হাইল হাওর থেকে ধরে এনে বনে ছাড়া হয়েছে। বংশবিস্তারের মাধ্যমে কাঁকড়াগুলো বনের পশুর খাদ্যের যোগান দেবে।" প্রাণিগুলো অবমুক্ত করার পর জেলা প্রশাসক মুহা. আলকামা সিদ্দিকী বলেন, "ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে উপলক্ষ করে খাঁচার প্রাণি প্রকৃতির কোলে ফিরিয়ে দিয়ে সিতেশ বাবু অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।" শহরের রামকৃষ্ণ মিশন রোডে নিজ বাস ভবনে সিতেশ রঞ্জন দেব এ মিনি চিড়িয়াখানা গড়ে তুলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.