সাতক্ষীরা, ২৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার ভোররাতে দেবহাটা উপজেলার ভাঁতশালা সীমান্তের বিপরীতে ভারতের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস-বিডিআরের ৪১ ব্যাটেলিয়নের একজন কর্মকর্তা জানান, রোববার ভোররাতে সাতক্ষীরার ভাঁতশালা সীমান্তের বিপরীতে ভারতের সৈয়দপুর ক্যাম্পের ৯৪ ব্যাটেলিয়নের বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে।
এসময় বাংলাদেশি গরু ব্যবসায়ী জাকির হোসেন (৩২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের জোনাব আলী গাজীর ছেলে। তার লাশ ভারতের হাসনাবাদ থানা পুলিশ নিয়ে গেছে।
বিএসএফ-এর গুলিতে তার সঙ্গী অপর গরু ব্যবসায়ীও নিহত হন। তবে তার পরিচয় জানা যায়নি।
ওই কর্মকর্তা আরও জানান, এই দুই ব্যবসায়ী ভারতে গরু কিনে বাংলাদেশে ফেরার সময় তাদের উপর গুলি চালানো হয়। তাদের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24