২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে সামর্থ্য অনুযায়ী আয়কর দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

জনকল্যাণে রাষ্ট্রীয় প্রয়োজনে সবাইকে সামর্থ্য অনুযায়ী আয়কর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঝিনাইদহ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনকল্যাণে রাষ্ট্রীয় প্রয়োজনে সবাইকে সামর্থ্য অনুযায়ী আয়কর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, "রাষ্ট্র যে সেবা দান করছে তার প্রতিদানে কর দেওয়া সুনাগরিকের কর্তব্য।" শনিবার সকালে ঝিনাইদহের পিটিআই মিলনায়তনে স্বপ্রণোদিত কর দাতাদের উদ্বুদ্ধকরণ সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, "ব্যয় অনুপাতে আয় না হওয়ায় ঋণ করে সরকারকে দেশ চালাতে হচ্ছে। প্রতিবছর ১৪ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণের সুদের কিস্তি পরিশোধ করতে হয়।" এনবিআর চেয়ারম্যান জানান, করদাতা বাড়াতে উপজেলা পর্যায়ে আয়কর কার্যালয় স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ১০০টি উপজেলায় আয়কর কার্যালয় খোলা হবে। কর দান পদ্ধতি সহজতর করা হয়েছে। করদাতা নিজেই কর নির্ধারণ করে তা দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জেলা প্রশাসক আবু সাঈদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় আরও বক্তব্য রাখেন- খুলনা অঞ্চল কর কমিশনার আলমগীর হোসেন, অতিরিক্ত কর কমিশনার একেএম সাইফুল ইসলাম পারভেজ, স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল বাশার, পৌরসভার মেয়র আব্দুল মালেক, চেম্বারের সভাপতি মাহামুদুল ইসলাম ফোটন প্রমুখ। এনিআর চেয়ারম্যান স্বপ্রণোদিত কর দাতাদের কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ ও পরিচয়পত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.