কক্সবাজার, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে শুক্রবার আকস্মিকভাবে একটি পাহাড় ধসে পড়েছে।
এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানায়, পাহাড় ধসে নিচে নেমে আসায় আশপাশের কৃষি জমি উঁচু হয়ে উঠেছে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার চাইল্যাতলী গ্রামের কাছে ইউনুসখালীর ঢালা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। শুক্রবার বিকাল ৩টার দিকে সাধারণ মানুষের চোখের সামনে হঠাৎ করেই পাহাড়টি নিচে নেমে আসে।"
প্রচুর বৃষ্টিপাতই এ পাহাড় ধসের কারণ বলে তার ধারণা।
ইউনিয়ন পরিষদের দফাদার মোহাম্মদ আজগর জানান, ধসে পড়া পাহাড়টি প্রায় ৫০০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট উচ্চতার।
তিনি বলেন, "পাহাড়টির উপরিভাগের কোনও পরিবর্তন হয়নি। গাছপালাসহ পুরো পাহাড়টিই নিচে নেমে এসেছে। ধসের কারণে পাহাড়টির পাশের প্রায় আড়াই একর এলাকার ধানি জমি ৫ থেকে ৭ ফুট উচুঁ হয়ে গেছে।"
ধসে পড়া পাহাড়ের বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে বলে আজগর জানান।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা জালাল আহমদ বলেন, "প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড়টি ধসে পড়তে পারে। স্থানীয় লোকজন ধসে যাওয়া পাহাড়টি দেখতে ওই এলাকায় ভিড় জমিয়েছে।"
মহেশখালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, পাহাড় ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24