নেত্রকোনা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপন্ন হাওর অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উপায় খুঁজে বের করার লক্ষ্য নিয়ে নেত্রকোনায় তিনদিনব্যাপী জাতীয় হাওর উৎসব শুরু হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ উৎসব চলবে রোববার পর্যন্ত।
শুক্রবার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গিপোতা গ্রামে উৎসব উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথাসাহিত্যক ড. মুহম্মদ জাফর ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "হাওর এলাকার অধিবাসীরা আজ সব কিছু থেকে বঞ্চিত। এখানে উন্নয়নের ছোঁয়া নেই। বর্ষাকালে মানুষ থাকে পানিবন্দি।"
হাওরের প্রচুর সম্পদের কোনও সদ্ব্যবহার হয় না বলে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, "এখানকার মানুষ স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এখানে নেই কোনো ভালো স্কুল কিংবা ভালো শিক্ষক।"
অনুষ্ঠানে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, "দেশের সমৃদ্ধ এ অঞ্চলের প্রকৃতি ও মানুষের জীবন হুমকির সম্মুখীন।"
হাওর রক্ষার জন্য হাওর অঞ্চরেল মানুষকে জাগিয়ে তোলার আহ্বান জানান তিনি।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেনের সভাপতিত্বে সভায় সংস্কৃতি কর্মী চৌধুরী কামাল পাশা, কৃষক নেতা ছবি বিশ্বাস, বিভিন্ন হাওর অঞ্চলের প্রতিনিধি, উন্নয়ন কর্মী ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন হাওর এলাকা থেকে ট্রলার ও নৌকাযোগে লোকজন উৎসবে যোগ দেয়।
তিনদিন ব্যাপী উৎসবের প্রথম দিন জারি, পালা ও বাউল গান এবং লাঠি ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এতে যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৩০৯ ঘ.
bdnews24