ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আর্ট সার্কেলের ১৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে প্রদর্শনী 'মূর্ত ও বিমূর্তের উদ্ভাস'। ১০ দিনের এ প্রদর্শনীতে ১২ জন শিল্পীর মোট ৪৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
তিনি বলেন, "সার্কেলের মধ্যে কাজ করার অনেক সুবিধা আছে। এতে চিন্তাভাবনাগুলো পরস্পরের মধ্যে আদান-প্রদান করা যায়, প্রদর্শনী করতেও সুবিধা হয়।"
প্রদর্শনী দেখতে এসে শিল্পী কাইয়ূম চৌধুরী বলেন, "বাংলাদেশের চিত্রকলা ক্রমশ উপরের দিকে উঠছে। আর ঢাকা আর্ট সার্কেল এতে বড় ভূমিকা রাখছে। এবারের প্রদর্শনী দেখে মনে হচ্ছে, প্রত্যেক শিল্পীর কাজেই অনেক পরিবর্তন এসেছে। তারা এখন অনেক ভাইব্র্যান্ট।"
প্রদর্শনীতে অংশ নেওয়া ১২ শিল্পী হলেন- আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরী, মোহাম্মদ মহসীন, সৈয়দ এনায়েত হোসেন, আনোয়ারুল হক, রেজাউল করিম, বীরেন সোম, মতলুব আলী, আব্দুস শাকুর, স্বপন চৌধুরী, চন্দ্র শেখর দে ও রফি হক।
ঢাকা আর্ট সার্কেলের সভাপতি সমরজিৎ রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব ছবিই বিমূর্ত। কিন্তু রঙর কাজের গুণে এগুলোই আবার মূর্ত হয়ে ওঠে।"
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জেকে/এমএইচবি/২১১৮ ঘ.
bdnews24