কিশোরগঞ্জ, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার কোনামাটি এলাকায় শুক্রবার দুপুরে দুই শিশুকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন অজ্ঞাত এক মহিলা।
এতে মারা গেছে দুই বছর বয়সী একটি শিশু। চার বছর বয়সী অপর শিশুটি গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম বা পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ইছাসুল গ্রামের আঙ্গুরা খাতুন সাংবাদিকদের বলেন, অজ্ঞাত এক মহিলাকে তিনি দুটি মেয়ে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়তে দেখেছেন। সঙ্গে সঙ্গে মহিলাটি মারা যান। বেঁচে যাওয়া একটি শিশুকে নিয়ে তিনি হাসপাতাল যাওয়ার পথে সে মারা যায়। অপর মেয়েটিকে কোনামাটি গ্রামের চাঁন মিয়া হাসপাতালে নিয়ে যান।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম চৌধুরী জানান, কিশোরগঞ্জ রেলস্টেশনের দুই কিলোমিটার দক্ষিণে কোনামাটি এলাকায় দুপুর ১টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক মহিলা তার দ্ইু কন্যাশিশুকে নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধু এক্সপ্রেস ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়েন।
এতে সঙ্গে সঙ্গে মহিলাটি খণ্ড-বিখণ্ড হয়ে যান। গুরুতর আহত দু'বছর বয়সী মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানান, চিকিৎসাধীন মেয়েটির অবস্থা আশংকাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24