২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ পৌর মেয়রের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা

কারাবন্দি টেকনাফ পৌরসভার মেয়র আবদুর রহমান বদির বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ থানায় মামলাটি করেন ওই এলাকার উত্তর জালিয়া পাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

কক্সবাজার, আগষ্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি টেকনাফ পৌরসভার মেয়র আবদুর রহমান বদির বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ থানায় মামলাটি করেন ওই এলাকার উত্তর জালিয়া পাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন। মামলায় পৌর মেয়র বদি ছাড়াও টেকনাফ চৌধুরী পাড়ার মোহাম্মদ ইলিয়াছ (বার্মাইয়া) ও কুলাল পাড়ার মোহাম্মদ ইউসুফসহ অজ্ঞাতনাম আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায় ও আরও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চাঁদাবাজির অভিযোগে আবদুর রহমান বদির বিরুদ্ধেমামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুর রহমান বদির বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, নারী নির্যাতন ও চাঁদবাজির অন্তত ১২টি মামলা রয়েছে। ওসি ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় মাছ ব্যবসায়ী জসিম অভিযোগ করেছেন- তিনি ২০০৬ সালে টেকনাফ বাজারে মাছ ব্যবসা করতে গেলে পৌর মেয়র ও তার সহযোগীরা প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা দাবি করেন। যতদিন ওই বাজারে ব্যবসা করেছেন ততদিন তিনি মেয়রের লোকজনকে দৈনিক এক হাজার টাকা চাঁদা দিয়েছেন। ২০০৬ সালের ২০ জুলাই চাঁদা দিতে অস্বীকার করলে পৌর মেয়র বদির উপস্থিতিতে তার লোকজন তাকে মারধর করে এবং চাঁদা না দিলে হত্যা ও দেশ ছাড়া করার হুমকি দেয়। তাদের ভয়ে জসিম উদ্দিন এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। পরে জীবিকার তাগিদে তিনি ওই বছর টেকনাফে ফিরে আসেন। টেকনাফে ফিরে আসার পর আবদুর রহমান বদি তার লোকজনের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেন। রাজি হলে তাকে বাজারে একটি দোকান দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। ওই দোকানের জন্য ২০০৬ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় আবদুর রহমান বদির হাতে এক লাখ ২০ হাজার টাকা তুলে দেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পর দোকান তো দেইনি, উল্টো আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। জসিম উদ্দিন এজাহারে দাবি করেন, বদি ও তার সহযোগী ইলিয়াছ ও ইউসুফসহ অন্যরা পেশাদার চাঁদাবাজ, চোরাকারবারী ও সন্ত্রাসী। কালো টাকার জোরে এরা যে কোন কিছুই করতে পারে। তাদের প্রতাপের কারণে তিনি সঠিক সময়ে মামলা করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.