২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কাকরাইলে দুবাই ফেরত প্রতারিতদের বিক্ষোভ

জমি বিক্রি করে তিন লাখ টাকা ট্রাভেল এজেন্টকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার রিপন মিয়া ইরাক যাচ্ছিলেন ভাগ্য ফেরাতে। কিন্তু জাল ভিসায় বিদেশ ভ্রমণের অভিযোগে আবুধাবি বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়। রিপনের মত প্রতারণার শিকার ৮২ জন গত ১৮ আগস্ট দেশে ফেরেন। টাক ফেরত চেয়ে ও দোষী ট্র্যাভেল এজেন্টের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে রাস্তায় জড়ো হয়ে পাসপোর্ট হাতে বিক্ষোভ করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি বিক্রি করে তিন লাখ টাকা ট্রাভেল এজেন্টকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার রিপন মিয়া ইরাক যাচ্ছিলেন ভাগ্য ফেরাতে। কিন্তু জাল ভিসায় বিদেশ ভ্রমণের অভিযোগে আবুধাবি বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়। রিপনের মত প্রতারণার শিকার ৮২ জন গত ১৮ আগস্ট দেশে ফেরেন। টাক ফেরত চেয়ে ও দোষী ট্র্যাভেল এজেন্টের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে রাস্তায় জড়ো হয়ে পাসপোর্ট হাতে বিক্ষোভ করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিপন বলেন, "বাড়ি ঘর বেঁইচা আর সুদে টাকা লইয়া সব শেষ কইরা ফেলাইছি। আমরা ভাই গ্রামের মুর্খ মানুষ, লেখাপড়াও জানি না, আরবি লেখাও বুঝি না। কাগজ দেখাইয়া হেরা আমাগো যা বোঝাইছে আমরা তাই বুজছি। সব হারাইয়া এখন কোনো দিশা পাইতাছি না।" প্রতারণার শিকার এই ৮২ জনের প্রায় সবার অবস্থাই এক। তাদের অধিকাংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বা আশেপাশের জেলায়। জমিজমা বিক্রি-বন্ধক রেখে কিংবা চড়া সুদে ঋণ নিয়ে মাথাপিছু আড়াই থেকে তিন লাখ টাকা তারা তুলে দিয়েছেন নয়া পল্টনের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে। প্রতারিত হয়ে দেশে ফেরার পর পাওনাদারের ভয়ে এখন তারা নিজের বাড়িতেও ফিরতে পারছেন না। রিপন মিয়া জানান, গত চার দিন ধরে সেগুন বাগিচায় এনবিআর ভবনের সামনের ফুটপাতেই রাত কাটাচ্ছেন তিনি ও তার সঙ্গীরা। বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, "দুবাইয়ের একটি কোম্পানিতে ভালো কাজের কথা বলে 'আল-ইসলাম ট্রাভেল অ্যাজেন্সি' গত ১২ আগস্ট আমাদের বিদেশ পাঠায়। সেখান থেকে আমাদের ইরাক যাওয়ার কথা ছিল। কিন্তু আবুধাবি বিমান বন্দরে নামার পর জাল ভিসায় বিদেশ ভ্রমণের অভিযোগে পুলিশ আমাদের আটক করে।" দুবাই বিমানবন্দর ভবনের তৃতীয় তলার একটি ছোট্ট কক্ষে তাদের ৮২ জনকে পাঁচ দিন আটকে রাখা হয়। কোম্পানির লোকজন কোনো খোঁজ না নেওয়ায় ১৭ আগস্ট বাংলাদেশগামী গালফ এয়ারে একটি উড়োজাহাজে তুলে দেয়া হয় তাদের। ১৮ তারিখ সকালে তারা দেশে পৌঁছান। বিক্ষোভে অংশগ্রহণকারী মো. সাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'আল-ইসলাম ট্রাভেল এজেন্সির' মনিরুল ইসলাম লিলেন ও আনোয়ার হোসেন তাদের কাছ থেকে মাথাপিছু আড়াই থেকে তিন লাখ করে টাকা নেন। দেশে ফেরার পর তাদের কাছে টাকা ফেরত চাইলে 'কিছু একটা' ব্যবস্থা করার আশ্বাস দেয় ট্রাভেল এজেন্সি কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে সাব্বির হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১১৫ ঘ.