২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর যানজট কমাতে সরকারের কয়েকটি উদ্যোগ

রাজধানীর যানজট নিরসনে এলাকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সকালের সময়সূচি নির্ধারণ ও আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ চালুসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে এলাকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সকালের সময়সূচি নির্ধারণ ও আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ চালুসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম জানান, যানজট কমিয়ে আনতে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকালের সময়সূচি এলাকা অনুযায়ী ঠিক করে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সময়সূচি নির্ধারণ করে স্কুলগুলোকে চিঠি দেবে। সিদ্ধান্ত মানা হচ্ছে কি না মন্ত্রণালয় তা পর্যবেক্ষণ করবে। ঢাকা মহানগরীতে একটি আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ খোলারও সিদ্ধান্ত হয়েছে। এই কেন্দ্র থেকে ১৭৫টি ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এই কক্ষের দায়িত্বে থাকবেন একজন লিয়াজোঁ কর্মকর্তা, যিনি বেসরকারি রেডিওগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যানজটের খবর প্রচার করবেন। এছাড়া চারটি ডিজিটাল বুলেটিন বোর্ডের মাধ্যমে মহানগরীর কোথাও যানজট আছে কি না তা প্রচারের ব্যবস্থা করা হবে। ঢাকা মহানগরীতে গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং এলাকা চিহ্নিত করে দেবে পুলিশ প্রশাসন। এর বাইরে অন্য কোথাও গাড়ি রাখলে শঅস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাস থামার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকার পাঁচটি এলাকায় 'বে' নির্মাণ করা হবে। এই সংখ্যা পরে বাড়ানো হবে। আন্তজেলা বাসগুলো অবশ্যই টার্মিনাল থেকে ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী রাত ৯টার পর ঢাকায় ট্রাক ঢুকবে। রাস্তার যেখানে সেখানে আবর্জনার কন্টেইনার ফেলে না রাখা এবং এগুলো নিয়মিত পরিষ্কার রাখার জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করবে। ফাহিম মুনয়েম বলেন, "এখন থেকে দিনের বেলায় রাস্তা মেরামতের কোনো কাজ হবে না। ঠিকাদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে জরিমানা করা হবে।" ঢাকায় কোন এলাকাগুলোতে বেশি যানজট হয় ও এর কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব জানান, রাজধানীর কুড়িল থেকে সায়েদাবাদ পর্যন্ত বিশ্বরোডে যেসব এলাকা অবৈধ দখলে রয়েছে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পুর্ত উপদেষ্টা গোলাম কাদের, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম, রাজা দেবাশীষ রায় বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/জেকে/এমএইচবি/২০১৮ ঘ.