ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দিনক্ষণ সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
তিনি বলেন, "খালেদা জিয়ার মুক্তির দিনক্ষণ আমাদের নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক দল ও সরকার দুইপক্ষ এ নিয়ে কাজ হচ্ছে। দিনক্ষণ বলা সম্ভব নয়।"
বুধবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গুলশান লেকের দুষণ রোধ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া প্রসঙ্গে গোলাম কাদের বলেন, "প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন বিষয়টি এখনো সে অবস্থায়ই রয়েছে। আমরা সেভাবে এগুচ্ছি। অবস্থার কোন পরিবর্তন হয়নি। তবে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি।"
খালেদা জিয়াকে প্যারোল না জামিনে মুক্তি দেওয়া হবে- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা বলা মুশকিল। তবে প্যারোলে মুক্তি দেওয়া সরকারের জন্য সহজ। জামিন দেওয়া আদালতের ব্যাপার। আদালতের উপর সরকারের কোন হাত নেই। আদালত কাকে জামিন দেয় কিংবা না দেয় তা আমরা জানি না।"
তবে প্যারোলে হলে যথাশীঘ্রই সরকার তা করে দিতে পারে বলে জানান উপদেষ্টা।
খালেদার মুক্তির বিষয়ে বিএনপির পক্ষ থেকে এগিয়ে না আসায় তার মুক্তি প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে কিনা- প্রশ্নের জবাবে গোলাম কাদের বলেন, "আগাম কিছু বলে দিয়ে সম্ভাবনা নষ্ট করতে চাইনা। এটি জটিল বিষয়।"
এদিকে, সরকারের সঙ্গে আরেক দফা সংলাপের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার করে যোগাযোগ উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগের চিঠি এখনো দেখিনি, তবে আমরা পেয়েছি। আমরা তাদের সঙ্গে কথা বলবো।"
আওয়ামী লীগের সঙ্গে সরকার এ মাসেই আলোচনায় বসবে কিনা- প্রশ্নের জবাবে গোলাম কাদের বলেন, "এ মাসে বেশ কিছু কাজ রয়েছে; আমরা উপদেষ্টা পরিষদের বৈঠক করতে এ মাসে খুলনা যাচ্ছি। তারপরও চেষ্টা করবো যাতে এ মাসেই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করা যায়। যদি না হয় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আলোচনা করা হবে।"
সরকার দলটির সঙ্গে রাজনৈতিক বিষয়সহ সব বিষয় নিয়ে আলোচনা করবে বলেও জানান তিনি।
সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসতে মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে চিঠি দেয় আওয়ামী লীগ। চিঠিতে এই আলোচনার তারিখ ও সময় চাওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা এবং উপজেলা নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দলটির পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৪২৫ ঘ.
bdnews24