২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন নাসিম

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে সিঙ্গাপুর রওনা হয়ে যান। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 06:39 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে সিঙ্গাপুর রওনা হয়ে যান। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ কমকর্তা আসমা সিদ্দীকা মিলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি নির্ধারিত সময়ে নাসিমসহ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে গেছে।" নাসিম হাসপাতাল থেকে সরাসরি বিমান বন্দরে যান। ল্যাবএইড হাসপাতালের প্রধান মিডিয়া সমন্বয়ক মেযবাহ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতাল থেকে রাত সাড়ে আটটার দিকে বিমানবন্দরে রওনা দেন মোহাম্মদ নাসিম। এর আগে নাসিমের ভায়রা সাজ্জাদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসিমের সঙ্গে ছোট ছেলে তন্ময় মনসুর, ছোট ভাই রেজাউল করিম ও ছোট বোন শিরীন আকতারের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান সাজ্জাদ হায়দার। মস্তিষ্কে রক্তঃক্ষরণে আক্রান্ত নাসিম এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কাশিমপুর কারাগার থেকে ২৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোহাম্মদ নাসিমকে চার মাসের জামিন দেয়। ১৮ মাস ১১ দিন কারাভোগের পর গত ১৬ আগস্ট দুপুরে তিনি মুক্তি পান। ২০০৭ এর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৪ ফেব্রয়ারি নাসিম গ্রেপ্তার হন। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিশেষ আদালত গত বছর ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/০০৩২ ঘ.