২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসের ঘটনায় কলোনির মালিককে আসামি করে মামলা

নগরীর মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে ১১ জন মারা যাওয়ার ঘটনায় মঙ্গলবার একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 'হোসেন কলোনি' নামে বসতি স্থাপনকারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আহসান পিকুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে ১১ জন মারা যাওয়ার ঘটনায় মঙ্গলবার একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 'হোসেন কলোনি' নামে বসতি স্থাপনকারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আহসান পিকুকে। তার বিরুদ্ধে পাহাড়ের পাদদেশে বিপজ্জনক স্থানে ঘর বানিয়ে এবং ভাড়া দিয়ে প্রাণহানি ঘটনোর অভিযোগ আনা হয়েছে। সোমবার ভোর রাতে পাহাড় ধসে প্রাণহানির পর থেকে পিকু পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে মতিঝর্ণা এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে নিতে শুরু করেছে সিটি করপোরেশন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম বিপজ্জনক স্থানে ঘর নির্মাণ করে প্রাণহানি ঘটানোর অভিযোগে এ মামলা করেছেন। তিনি জানান, পিকুকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে বাণিজ্য উপদেষ্টা দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উপদেষ্টার পরিদর্শনের পরপরই সিটি করপোরেশনের কর্মীরা মতিঝর্ণা এলাকার ট্যাংকির পাহাড় ও বাটালি হিলের পাদদেশে গড়ে ওঠা বেশি ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। পাশাপাশি ভেঙ্গে ফেলা হচ্ছে বসতি। লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এফ আই কবির মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পর্যন্ত ৪০টির বেশি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকা অনুযায়ী বিপজ্জনক স্থানে তৈরি ঘরগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বলেন, "সব বিপজ্জনক স্থান থেকে ঘর সরিয়ে না নেওয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে। উচ্ছেদকৃত ব্যক্তিরা যাতে আবার এসব স্থানে ফিরে এসে ঘর তুলতে না পারে সেজন্যও করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।" উচ্ছেদকৃতদের সাময়িকভাবে লালখান বাজার মতিঝর্ণা স্কুলে রাখা হয়েছে। সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে একটি লঙ্গরখানা খোলা হয়েছে। খুলশী থানার ওসি ওমর ফারুক জানান, লঙ্গরখানার জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। দুপুরে পুলিশ কমিশনার এম আকবর আলী পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ও উচ্ছেদকৃত পরিবারের সদস্যদের মাঝে খাবার বিতরণ করেন। পাহাড় ধসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর এফ আই কবির মানিক জানান, তারা ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/১৯৫০ ঘ.