চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্দরনগরী চট্টগ্রাম ও এর আশেপাশের পাহাড়ের পাদদেশে বেশি ঝুঁকিপূর্ণ স্থানকে 'রেড লেভেল' হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে যাতে কেউ বসতবাড়ি করতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে।
এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে মতিঝর্ণা এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এসব জানান।
সোমবার ভোররাতে এ এলাকায় পাহাড় ধসে ১১ জন নিহত হয়েছেন। গত বছর ১১ জুন পাহাড় ধসে চট্টগ্রামে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে হোসেন জিল্লুর বলেন, "অধিক ঝুঁকিপূর্ণ স্থানে এখন থেকে কেউ বসতবাড়ি করতে পারবে না। এসব জায়গায় দ্রুত বনায়ন শুরু করার জন্য বন বিভাগকে বলা হয়েছে।"
তিনি জানান, রেলওয়ে, ওয়াসা ও পুলিশ বিভাগসহ বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণাধীন পাহাড়ের পাদদেশে যারা আছেন তাদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাহাড় রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধিমালা পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশে অর্ন্তভূক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, নিম্ন আয়ের মানুষ কম খরচে পাহাড়ের পাদদেশে ঘর ভাড়া নিয়ে থাকেন। তাই স্থায়ী পুনবার্সনের বিষয়টি বাস্তব ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। এ জন্য নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
তিনি জানান, এর আগে গঠন করা টেকনিক্যাল কমিটিকে পুনবার্সন ও পাহাড় রক্ষাসহ সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত সরকারের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এ প্রস্তাব পাওয়ার পরই প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করবে।
পাহাড় ধসে প্রাণহানিকে গাফিলতির দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশ নেই বলে মনে করেন উপদেষ্টা।
তিনি বলেন, "ঝুকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের আগে একবার সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে আবার ফিরে এসেছে এসব জায়গায়।"
হোসেন জিল্লুর জানান, গত বছরের ভয়াবহ দুর্ঘটনার পর বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক দল কাজ করায় এবার আরও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ভবিষ্যতে যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মর্তিঝর্ণা এলাকা পরিদর্শনের আগে উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে চার লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
এ সভায় অবৈধ দখলদার ও ঝুকিপূর্ণ এলাকায় যেসব মালিক বাড়িঘর করে ভাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24