২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় বিদ্যুৎ বাড়ানোর আশ্বাস দিলেন তামিম

আসন্ন রমজান মাসে সারা দেশে চাহিদার তুলনায় ৪০০-৬০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকলেও ইফতার, তারাবি এবং সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করবে সরকার। প্রধান উপদেষ্টার বিদ্যুৎ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম মঙ্গলবার জ্বালানী মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এ আশ্বাসের কথা শোনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে সারা দেশে চাহিদার তুলনায় ৪০০-৬০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকলেও ইফতার, তারাবি এবং সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করবে সরকার। প্রধান উপদেষ্টার বিদ্যুৎ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম মঙ্গলবার জ্বালানী মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এ আশ্বাসের কথা শোনান। রোজার মাসে সরবরাহ নিরবিচ্ছন্ন রাখতে বাড়াতে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ বন্ধ রেখে কেবল বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দিয়ে বর্তমানের চেয়ে কয়েক'শ মেগাওয়াট বিদ্যুৎ বেশি সরবরাহ করা যাবে বলে মনে করছেন তিনি। রমজান মাসে দেশের বিভিন্ন মসজিদে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সহ বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তামিম বলেন, "রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় লোডশেডিং সর্বনিম্ন পর্যায়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটগুলো চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ইফতার ও তারাবির জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত নয়টা এবং সেহেরির জন্য ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বলা হয়েছে।" মুসল্লিদের ইফতার ও তারাবির সুবিধার্থে মসজিদগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রয়োজনে 'ব্যকআপ সংযোগ' দেওয়ার নির্দেশ দেওয়া হয়ছে বলেও তিনি জানান। রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ী হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এ ব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হচ্ছে যাতে বিদ্যুতের অপচয় রোধ করা যায় এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সাশ্রয়ী করা সম্ভব হয়।" তিনি বলেন, "রমজান মাসে সারা দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়াবে ৪ হাজার ২০০ মেগাওয়াট। কিন্তু এসময়ে বিদ্যুতের উৎপাদন হবে তিন হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ মেগাওয়াট। ফলে এ সময়ে বিদ্যুতের ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪০০ থেকে ৬০০ মেগাওয়াট।" ম তামিম আরো বলেন, "দেশে বর্তমানে কোন বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ না থাকলেও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ ঘাটতি এবং চট্টগ্রাম এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। ফলে গতকাল (সোমবার) দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার ৫১২ মেগাওয়াট। এছাড়া প্রতিদিন গড়ে ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।" তিনি বলেন, "এ কারণে রমজান মাসে দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ৩ হাজার ২০০ মেগাওয়াট রেখে সন্ধ্যার সময় উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে। যাতে সন্ধ্যায় বিদ্যুতের সরবরাহ সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত নিশ্চিত করা যায়।" রমজানে কোন এলাকাকে বঞ্চিত না করে সব এলাকায় সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করার কথা জানালেও তিনি বলেন,"চট্টগ্রাম এলাকায় দেড়শ মেগাওয়াটের যে ঘাটতি রয়েছে তা এ মূহুর্তে পূরণ করা সম্ভব হবেনা।" বিদ্যুৎ সংকট কাটতে আর কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো (রেন্টাল পাওয়ার প্ল্যান্ট) চালু হলে আগামী অক্টোবর মাসে আরো তিনশ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে। এ কেন্দ্রগুলো থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য সরকার ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছে।" বর্তমানে রাত আটটায় শপিং মলগুলো বন্ধ রাখার যে নির্দেশ রয়েছে রমজান মাসে তা শিথিল করা হবে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "এখন পর্যন্ত সেরকম কোন পরিকল্পনা নেই। তবে ১৫ রোজার পর থেকে এ সিদ্ধান্ত কিছুটা শিথিল করা হতে পারে।" রমজান মাসে কোন ধরণের আলোকসজ্জা থাকবেনা বলেও জানান তিনি। বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৪২৬ ঘ.