ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রোজার মাসে আবার বাজার তদারকি শুরু হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত মনিটরিং কমিটির প্রধান অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম জানিয়েছেন, প্রথম রোজা থেকেই যৌথবাহিনীর বিশেষ দল বাজার তদারকি শুরু করবে।
রোজার আগে বাজার পরিস্থিতি নিয়ে সোমবার বৈঠকে বসে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত মনিটরিং কমিটি। সভা শেষে গোলাম মোস্তাকিম বৈঠকের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।
তিনি বলেন, "রমজান মাসে দেশে ভোজ্য তেল, গুঁড়ো ও তরল দুধসহ নিত্যপ্রয়োজনীয় কোনও পণ্যের মূল্য বাড়বে না বলে ব্যবসায়ীরা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেছেন।"
অতিরিক্ত সচিব আরও জানান, বাজার নিয়ন্ত্রণ ও পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়ের মনিটরিং দল ছাড়াও যৌথবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআরসহ বিভিন্ন টিম দিয়ে তদারকি করা হবে। প্রথম রোজা থেকেই তা শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।
সচিব জানান, রমজানে রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবি ঢাকায় আটটি ট্রাক ও দুটি বিক্রয় কেন্দ্র, চট্টগ্রামে দুটি ট্রাক ও একটি বিক্রয় কেন্দ্র, রাজশাহীতে একটি ট্রাক ও একটি বিক্রয় কেন্দ্র এবং খুলনায় একটি ট্রাক ও একটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে। এসব কেন্দ্রে ২৮ টাকা কেজি দরে চাল পাওয়া যাবে।
এদিকে বিডিআর গত ১৫ আগস্ট থেকে সারাদেশে নতুন করে তাদের ২১০টি বিক্রয় কেন্দ্রে চালসহ ২২টি নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ১০০টি কেন্দ্র ঢাকায় এবং ১১০টি বাইরের ৩২টি জেলায়।
দেশে বর্তমানে তেল ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে দাবি করে গোলাম মোস্তাকিম বলেন, "সরকার সীমিত সাধ্যের মধ্যেই মূল্য নিয়ন্ত্রণ বা কমানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে কোনও পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দেশে সেই পণ্যের দাম বাড়িয়ে দেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে নানা অজুহাতে দাম কমাতে সময়ক্ষেপণ করেন।"
গত এক মাসে পেঁয়াজের দাম ১১ দশমিক ১১ শতাংশ বেড়েছে বলে জানান গোলাম মোস্তাকিম। পেঁয়াজ উৎপাদন ও আমদানির তথ্য দিয়ে তিনি বলেন, "এর দাম বাড়ার কোনও যৌক্তিক কারণ আমরা খুঁজে পাইনি।"
অতিরিক্ত সচিব জানান, দেশে বর্তমানে খাদ্য সামগ্রীর মজুদ রয়েছে প্রায় ১২ লাখ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুদের পরিমাণ ১০ লাখ ১৫ হাজার ৯২৫ মেট্রিক টন এবং গমের মজুদ রয়েছে এক লাখ ৫৮ হাজার মেট্রিক টন। গত বছর একই সময় ৭ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৯০৫ঘ.
bdnews24