ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই পুলিশের 'পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস' (পিআইও) চালু করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রাজনৈতিক দল, শ্রমিক ও ছাত্র সংগঠনগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে আগাম নজরদারির লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নতুন এ গোয়েন্দা ইউনিট গঠন করেছে।
সোমবার নিজের বাসায় ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জিল্লুর রহমান বলেন, "রাজনৈতিক দলগুলো যেখানে স্বাধীনভাবে কাজ করার দাবি জানিয়ে আসছে, তখন নতুন আইন করে সরকার তাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছে। দেশকে রাজনীতিহীন করতেই পিআইও গঠন করা হয়েছে।"
এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগ পিআইওর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।"
তিনি বলেন, "সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন করা। কিন্তু তারা তা না করে বিভিন্ন আইন করছে, অন্য নির্বাচনের কথা বলছে- জানি না, এটা তাদের নতুন কোনও ষড়যন্ত্র কি না।"
খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "নীতি-আদর্শ থাক বা না থাক, ছোট হোক কিংবা বড় হোক- বিএনপি একটি রাজনৈতিক দল। সুতরাং তারা তো চুপ করে বসে থাকবে না।"
রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কঠিন বলে মনে করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
আগামী চার মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব কি না- সাংবাদিকদের এই প্রশ্নে সোমবার তিনি বলেন, "রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সরকারের পক্ষে কঠিন হবে। তবে রোডম্যাপের বাইরে যাওয়ার কোনও সুযোগ তাদের নেই। আর যেহেতু তারা বার বার আশ্বস্ত করেছেন, সেহেতু আমাদের অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই।"
ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মুক্তি উপলক্ষে ছাত্র সংগঠনটির নেতারা জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন।
ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র শওকত হোসেন হিরণ।
হিরণসহ বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা নাস উল্লেখ না করে দলের কেন্দ্রীয় পর্যায়ের ১০/১২ জন নেতা নির্বাচনের সময় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে ভারপ্রাপ্ত সভাপতির কাছে অভিযোগ করেন।
জাতীয় নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে দল ক্ষতিগ্রস্ত হবে বলে তারা জিল্লুর রহমানকে সাবধান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসকে/১৭১৫ঘ.
bdnews24