রংপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করলে সেটা পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
সরকার জরুরি অবস্থা প্রত্যাহার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সোমবার রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মার্কিন সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক দলের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সেবা সংক্রান্ত অনুশীলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে সেই অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচন সম্পন্ন হবে।"
ওয়ান ইলেভেনের পর বাংলাদেশে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত বলেন, "পৃথিবীর সব দেশেই পণ্যের দাম বেড়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, "সেনাবাহিনীর চিকিৎসকদল স্বাস্থ্য সেবা দিতে যে যৌথ কর্মসূচি নিয়েছে তার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আর জোরদার হবে।"
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'মেডিক্যাল এন্ড ডেন্টাল সিভিক এ্যাকশন প্রোগ্রাম' নামে দশদিনের এই অনুশীলন কর্মসূচি চলবে রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায়। স্থানীয় জনসাধারণের প্রাথমিক স্বাস্থ্য এবং দন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে।
এ অনুশীলন কর্মসূচিতে সেনাবাহিনীর চিকিৎসক দলের ২৫ জন ও যুক্তরাষ্ট্রের মেরিন চিকিৎসক দলের ২৬ জন সদস্য অংশ নিচ্ছেন।
অনুশীলন কর্মসূচি উদ্বোধন শেষে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি রংপুর শহরের ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মাদ্রাসা পরিদর্শন করেন।
সেখানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন, "আমি নিজেও শৈশবে ক্যাথলিক বিদ্যালয়ে পড়েছি। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে। আমার মেয়ে ও ভাই ক্যাথিলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছে।"
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশে ছাত্ররা রাজনীতি করে। আমেরিকায় কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নেই। অথচ এখানে আছে । আমি মনে করি ছাত্রাবস্থায় ছাত্র রাজনীতি করা উচিত নয়।"
ছাত্র ছাত্রীদের উদ্যেশে তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। তোমরা যারা নতুন ভোটার হয়েছো, নিজের ভোটটি দেখে শুনে সৎ যোগ্য প্রার্থীকে দেবে।
এছাড়া মার্কিন রাষ্ট্রদুত উত্তম এলাকায় এসএমসির পরিবার পরিকল্পনাসামগ্রী বাজারজাতকরণ কার্যক্রমও পরিদর্শন করেন।
তার সঙ্গে ছিলেন মার্কিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম ফকনার, বাংলাদেশ সেনাবহিনীর মেজর সাবেরী, রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমানসহ উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা।
দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী লরেন মরিয়ার্টির রংপুর সরকারি কলেজ পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.
bdnews24