২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে ধর্মঘটী ১৬ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

কুয়েতে ধর্মঘটী বাংলাদেশি ১৬ শ্রমিককে সোমবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা। কুয়েতের একটি সংবাদপত্র জানয়েছে, ন্যায্য মজুরির দাবিতে কুয়েতের পার্লামেন্ট ভবনে কর্মরত ২০ জন শ্রমিক রোববার থেকে ধর্মঘট পালন শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে ধর্মঘটী বাংলাদেশি ১৬ শ্রমিককে সোমবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা। কুয়েতের একটি সংবাদপত্র জানয়েছে, ন্যায্য মজুরির দাবিতে কুয়েতের পার্লামেন্ট ভবনে কর্মরত ২০ জন শ্রমিক রোববার থেকে ধর্মঘট পালন শুরু করে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সচিব আব্দুল মতিন চৌধুরী সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধর্মঘট পালন করায় কুয়েতি পুলিশ ১৬ জন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে বলে বাংলাদেশ মিশন থেকে আমাদের জানানো হয়েছে।" গ্রেপ্তারকৃতদের ছাড়াতে কূটনৈতিক তৎপরতা চলছে বলে আব্দুল মতিন জানান। গ্রেপ্তারকৃতরা আল যাওয়াহারা কোম্পানির অধীনে নিয়োগপ্রাপ্ত বলে তিনি জানান। আরব টাইমসের খবরে বলা হয়, পুরো মজুরির দাবিতে পার্লামেন্ট ভবনে কর্মরত ২০ জন পরিচ্ছন্নতা কর্মী রোববার থেকে ধর্মঘট শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, তাদের মজুরির একটি অংশ সংশ্লিষ্ট কোম্পানি আইন বহির্ভূতভাবে কেটে রাখছে। পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে কুয়েতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা গত জুলাইয়ের শেষ দিকে ধর্মঘট ও বিক্ষোভ করে। ওই সময় কুয়েত পুলিশ কমপক্ষে ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। পরে কয়েক দফায় কুয়েত থেকে ১ হাজার ১২৯ জন শ্রমিক ফেরত আসে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। শ্রমিক অসন্তোষের বিষয়টি নিয়ে কুয়েতি পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার রুদান আর রুদান সোমবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আরব টাইমস জানায়। শ্রমিকদের অভিযোগের বিষয়ে বিস্ময় প্রকাশ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, "শ্রমিকদের সঙ্গে প্রতারণা আমাদের স্পিকার জসিম আল খোরাফি কোনভাবেই মেনে নেবেন না।" এদিকে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কুয়েত টাইমসের সোমবার প্রকাশিত খবরে বলা হয়, "কর্মকর্তাদের কাছে খবর এসেছে, ট্যাক্সিচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা আবার সহিংস বিক্ষোভে যেতে পারে। এ জন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।" পাশাপাশি যে সব কোম্পানি শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে গড়িমসি করছে, সে সব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। শ্রমমন্ত্রী বাদের আল দুয়াইলা বলেন, "শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়া কোনভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৪৪৮ ঘ.