২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় বাদির জেরা শুরু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় বাদির জেরা শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ মামলার সাক্ষ্য নেওয়া আবারও শুরু হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় বাদির জেরা শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ মামলার সাক্ষ্য নেওয়া আবারও শুরু হল। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে মামলার বাদি আজম জে চৌধুরীর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। আগামী ২৬ আগস্ট আবারও তাকে জেরা করার জন্য দিন ধার্য করা হয়েছে। গত ১৫ জুন ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ দায়রা আদালত-৫ এ পাঠিয়ে দেন। এর আগ পর্যন্ত সংসদ ভবনে স্থাপিত এ বিচারকের বিশেষ এজলাসে মামলাটির বিচার কাজ চলছিল। কিন্তু ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে গত ৫ ফেব্র"য়ারি শেখ হাসিনা আদালত বদলের আবেদন করেন। মামলায় বাদি আজম চৌধুরীর জবানবন্দি বাতিলেরও আবেদন করেন হাসিনা। আদালত বদলের আবেদন মঞ্জুর করা হলেও বাদির জবানবন্দি বাতিলের আবেদন নাকচ করা হয়। এর আগে গত ৬ ফেব্র"য়ারি হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জরুরি বিধিমালায় মামলাটির অন্তর্ভুক্তি অবৈধ এবং তা বাতিল ঘোষণা করে। পরে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। সকালে আদালত শুরু হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী বিচারককে বলেন, "এ মামলায় বাদির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল। বাদিকে জেরা করার দিন ধার্য ছিল। কিন্তু এ অবস্থায় পূর্ববর্তী আদালত বাদির সাক্ষ্য নেওয়া শুরু করলে আমরা ওই আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিলাম। এরপর মামলাটি বদলি হয়ে বর্তমান আদালতে আসে। এ অবস্থায় আমরা বাদির জেরা করতে চাই।" রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বাদির সাক্ষ্য নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান। এরপর বিচারক বাদির সাক্ষ্য নেওয়া শুরু করেন। বাদি আজম জে চৌধুরী তার সাক্ষ্যে বলেন, "পিডিবি এবং রাশিয়ান কোম্পানীর সঙ্গে যে চুক্তি হয়েছে ওই চুক্তি অনুযায়ী আমি স্থানীয় প্রতিনিধি। আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন আমি রাশিয়ান কোম্পানীটির স্থানীয় প্রতিনিধি নই। তাদের এ কথা সত্য নয়।" এরপর তিনি চুক্তির একটি ফটোকপি আদালতে দাখিল করতে চাইলে আসামি পক্ষের আইনজীবীরা তাতে আপত্তি তোলেন। তবে বিচারক মূলকপি আদালতে দাখিল সাপেক্ষে তা গ্রহণ করা যেতে পারে বলে মতামত দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা বাদিকে জেরা শুরু করেন। এ দিন তাকে আংশিক জেরা করা হয়। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ জুন শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এর পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৮৪২ ঘ.