ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বৃষ্টি, জাতীয় শোক দিবস ও শবে বরাত উপলক্ষে এক সপ্তাহ বিরতির পর সোমবার আবার শুরু হচ্ছে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবল। দুটি ম্যাচ হবে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও গাজীপুর স্টেডিয়ামে।
শুরু থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটো করে ম্যাচ রাখা হলেও পরিবর্তিত সূচীতে থাকছে একটি করে ম্যাচ। সোমবার বঙ্গবন্ধুতে খেলবে ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জ এবং গাজীপুরে আরামবাগ মুখোমুখি হবে সানরাইজ ক্রীড়াচক্রের।
গত মঙ্গলবার ফেডারেশন কাপের দলগুলোর সঙ্গে বাফুফে কর্তাদের সভায় দুটো ভেন্যুতে ফেডারেশন কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে বিশ্রাম দিতেই গাজীপুর স্টেডিয়ামেও ৬টি খেলা রাখা হয়েছে। আবাহনী লিমিটেড, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ ও চট্টগ্রাম মোহামেডান ছাড়া বাকি ১০টি দলের খেলা পড়েছে গাজীপুর স্টেডিয়ামে।
এর আগে মোহামেডান ও আরামবাগ নিজেদের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে। সোমবার ম্যাচ জিতলেই তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। কিন্তু এটাও সত্য যে সানরাইজের বিপক্ষে প্রথম ম্যাচে মোহামেডান কোনোরকমে পার পেয়েছিল রবিনের শেষ মুহূর্তের গোলে। নতুন কোচ মারুফুল হকের অধীনে গড়া নতুন মোহামেডান আশা জাগানিয়া কিছু দেখাতে পারেনি মাঠে। ঘটতি পূরনের জন্য দুজন বিদেশী খেলানোর চিন্তা করলেও ছাড়পত্র জটিলতার অবসান হয়নি। তবে রহমতগঞ্জ যে খুব শক্তিধর তা নয়, প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছে তারা আরামবাগের কাছে। বিদেশীদের নিয়ে প্রথম ম্যাচেই তারা পরিকল্পিত ফুটবল উপহার দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.
bdnews24