ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবি শামসুর রাহমানের স্মরণে উল্লেখযোগ্য কোনো আয়োজন নেই।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির পরিবার ছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলোর উল্লেখ করার মতো কোনো অনুষ্ঠান নেই বলে জানিয়েছেন শামসুর রাহমানের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন কবি।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা বিকেলে কবির সমাধিতে ফুল দেব। আজকে আর কোনো কর্মসূচি নেই। তাছাড়া জন্মবার্ষিকীর অনুষ্ঠান আমরা ঘটা করে পালন করি।"
দীর্ঘ জীবন কবিতার সঙ্গে ঘর-গেরস্থালি করে কবি ২০০৬ সালের ১৭ আগস্ট পৃথিবী ছেড়ে যান। ১৩ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে দ্রোহ আর প্রেমের এই কবি বিদায় নেন সেদিন সন্ধ্যায়।
স্বাধীনতা, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও মৌলবাদবিরোধী কবিতার জন্য বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা পাওয়া এই কবির জন্ম ১৯২৩ সালের ২৩ অক্টোবর পুরোনো ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে। তার পৈত্রিক বাড়ি নরসিংদীর রায়পুরা থানার পাড়াতলী গ্রামে।
১৯৪৮ সালে শামসুর রাহমানের লেখা প্রথম কবিতা 'ঊনিশশো ঊনপঞ্চাশ' প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক 'সোনার বাংলা' পত্রিকায়।
এরপর থেকে ক্রমাগত লিখেছেন তিনি। এ ভূখণ্ডের অধিকার আদায়ের প্রায় প্রতিটি লড়াই-সংগ্রামের বাক্সময় প্রকাশ ঘটেছে তার কবিতায়। শামসুর রাহমানের লেখায় বারবারই ঘুরেফিরে এসেছে স্বদেশ এবং মানুষের কথা। রূপক, পুরাণ আর নাগরিক চিত্রকল্পের উদ্ভাসে শাণিত ছিল তার জীবনবোধ।
১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন শামসুর রাহমান। পরে রেডিও পাকিস্তান, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেছেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন শামসুর রাহমান।
১৯৬০ সালে প্রকাশিত হয় শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'। তার মোট ৬০টি কাব্যগ্রন্থের মধ্যে আছে- রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বন্দিশিবির থেকে, নিজ বাসভূমে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, বুক তার বাংলাদেশের হৃদয়, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, অন্ধকার থেকে আলোয় প্রভৃতি।
কবিতার বাইরে শামসুর রাহমানের উপন্যাস চারটি, প্রবন্ধগ্রন্থ একটি, ছড়া ও স্মৃতিচারণা মিলিয়ে শিশুতোষ বই নয়টি। এছাড়া রবার্ট ফ্রস্টের কবিতাসহ অনুবাদগ্রন্থ ছয়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/এমআই/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24