নীলফামারী, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী শহরে একজন ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমানের শনিবার সকালে তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।
তবে এ ঘটনায় পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিন, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) শাহাদাত হোসেনের অপসারণ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিমকে বরখাস্তের দাবিতে নাগরিক ঐক্য পরিষদ নেতারা আগামী রোববার জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান সারাদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবায়দুল্লাহ গত শুক্রবার ও শনিবার নীলফামারী এসে সরেজমিনে ঘটনা তদন্ত করেন। ওষুধ ব্যবসায়ী সাজ্জাদুর রহমান রোমানকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানোর বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম ও উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলীকে নীলফামারী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে শহরের উকিলপাড়ার বাসিন্দা ভাষা সৈনিক সফিয়ার রহমানের ছেলে সাজ্জাদুর রহমান রোমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার পকেটে চার বোতল ভারতীয় ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ ওঠে।
বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। পুলিশ ১০দিনের রিমান্ডের আবেদন জানালেও হাকিম মনসুর আলম সাজ্জাদকে জামিন দেন। এর পর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিবাদে সাবেক সাংসদ আহসান আহমেদ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে ওই দিন সকাল ১০টার দিকে ব্যবসায়ীরাসহ কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে।
এই ঘটনায় নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশ সুপার, ওসিসহ দায়ী পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদ সমাবেশ, সংবাদ সম্মেলন, সেনা ক্যাম্প ও জেলা প্রশাসককে স্বারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24