বাগেরহাট, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় ২৫টি তাজা গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আউয়াল আকন (৪২)সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর সদস্য বলে পুলিশ দাবি করেছে।
বৃহস্পতিবার রাতে মংলার মহিলা কলেজ রোড থেকে আউয়ালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজ রোডে টহলে থাকা পুলিশের একটি দল সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। তার ব্যাগে তল্লাশি চালিয়ে বন্দুকের ২৫টি তাজা গুলি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়, সে বনদস্যু রাজু বাহিনীর সদস্য আউয়াল।"
এ ঘটনায় মংলা থানার উপ-পরিদর্শক আনসার আলী খান অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
আউয়ালের বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর গ্রামে। তার বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24