২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বোহে অনেক গুলি, তয় মুহে কোনো দাগ ছেল না'

"... বোহের (বুকে) মধ্যে অনেক গুলির দাগ, তয় মুহে (মুখে) কোনো দাগ ছেল না। মেলেটারি বাধা দেলেও লাশের গোসল দেই। টুঙ্গিপাড়া বাজারের আশরাফ মোল্লার দোকান দিয়ে ৫৭০ সাবান কিনে আইনে গোসল করানো হয়। লাশ ধোয়ামোছা করছি আমিসহ মোট ২০ জন..."

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

গোপালগঞ্জ, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "... বোহের (বুকে) মধ্যে অনেক গুলির দাগ, তয় মুহে (মুখে) কোনো দাগ ছেল না। মেলেটারি বাধা দেলেও লাশের গোসল দেই। টুঙ্গিপাড়া বাজারের আশরাফ মোল্লার দোকান দিয়ে ৫৭০ সাবান কিনে আইনে গোসল করানো হয়। লাশ ধোয়ামোছা করছি আমিসহ মোট ২০ জন..." ৩৩ বছর বাদে আবার দুঃস্বপ্নের সেই দিনটিতে ফিরে যান টুঙ্গিপাড়ার আব্দুল হাই শেখ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পশ্চিমমুখী সূর্যের আলোয় যে কয়জন শেষবারের মতো দেখে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদেরই একজন এই আব্দুল হাই। ঢাকায় ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বেলা তিনটার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় আসে শেখ মুজিবের মরদেহ। সেনা সদস্যদের চাপে তড়িঘড়ি করে গোসল আর নামাজে জানাজা শেষে বাড়ির আঙিনায় অন্তিম শয়ান হয় বাঙালির অবিসংবাদিত এ নেতার। বেলা দেড়টার দিকে টুঙ্গিপাড়ায় তখনকার পোস্টমাস্টার আনোয়ার হোসেনের কাছে ঢাকা থেকে বার্তা আসে ছয়টি কবর খোড়ার। কিছুপরেই সেনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত পাল্টে একটি কবর খুড়ে রাখতে বলে। নিভৃত টুঙ্গিপাড়ায় অন্তিম পর্যায়টি কেমন ছিল বঙ্গবন্ধুর- জিজ্ঞেস করতেই চোখ ভিজে আসে বয়সের ভারে ন্যূজ আব্দুল হাই শেখের। ৬৫ বছরের আব্দুল হাই বলেন, "বঙ্গবন্ধুরে দাফনের কাপড়ও তহন ছেল না। রেড ক্রিসেন্ট হাসপাতাল দিয়া মালা শাড়ি (মালা ব্র্যান্ডের শাড়ি) আইনা দুই পাশের লাল পাইড় ছিড়ে সাদা অংশ দিয়েই তারে দাফন করছি।" ১৯৭৫ সালে পেশায় কাঠমিস্ত্রি ছিলেন টুঙ্গিপাড়ার আইয়ুব আলী। ১৫ আগস্টের স্মৃতি রোমন্থন করে বলেন, "বেলা ৩টার দিকে বঙ্গবন্ধুর লাশ নিয়া হেলিকাপ্টারটি টুঙ্গিপাড়া থানায় আইসা নামে। সেহান থেকে লাশ বঙ্গবন্ধুর বাড়িতে আনা হইল। কফিন খোলার জন্য কাঠমিস্ত্রি হিসাবে আমার ডাক পড়ে। আমি কফিনের পেরেক খুইলে ঢাকনা উঠাইতেই বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ দেখে চমকে উঠি।" আইয়ুব আলী (৫৫) জানান, সেনা সদস্যদের বাধার মুখেও তিনি গোসলের পানি আনেন, আর অংশ নেন কবর খোড়াতেও। ওই সময়ে অষ্টম শ্রেণীর ছাত্র ও বর্তমান টুঙ্গিপাড়া পৌর চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন সরদার (৫০) বলেন, "বঙ্গবন্ধুর দাফনে অংশ নেওয়াটা ছিল খুব কঠিন ও ভাগ্যের ব্যাপার। সেনাসদস্যরা লাশ নিয়ে আসার পর দাফন নিয়ে সমস্যায় পড়েন। পরে স্থানীয় রেডক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সোনালী ব্যাংকের স্টাফ ও গ্রামবাসীর সাহায্যে লাশ দাফন করা হয়। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়নি। মৌলভী আব্দুল হালিম শেখ নামাজে জানাজা পড়ান।" তিনি জানান, দাফনের পরই বঙ্গবন্ধুর বাড়িতে বসে অস্থায়ী পুলিশ ক্যাম্প। পুলিশি বাধায় কেউ কবর জিয়ারত করতে পারতেন না। টুঙ্গিপাড়াবাসী গোপনে স্থানীয় একটি মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/এমএইচবি/২২৪৬ ঘ.