২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাফন করা হয়েছে আনোয়ার জাহিদকে

সাবেক তথ্যমন্ত্রী ও সাংবাদিক আনোয়ার জাহিদকে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জামাতা মিঠু সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী শনিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তথ্যমন্ত্রী ও সাংবাদিক আনোয়ার জাহিদকে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জামাতা মিঠু সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী শনিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে তার স্মরণে শোক সভা করবে। বুধবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে আনোয়ার জাহিদ মারা যান। তিনি দীর্ঘদিন ফুসফুস ও কিডনির রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে থেকে মরহুমের মরদেহ প্রথমে নেওয়া হয় গুলশানে তার মেয়ে সোমা জাহিদের বাসায়। সেখানে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা আনোয়ার জাহিদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। প্রথম জানাজাও হয় সেখানে। এরপর বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাব ও পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা হয়। এতে বিএনপির আসম হান্নান শাহ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী, আবদুল কাদের মোল্লা, ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনী, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির ফেরদৌস আহমেদ কোরেশী, নুর মোহাম্মদ খান, জাতীয় পার্টির মোস্তাফা জামান হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আলমগীর কবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, সাংবাদিক নেতাদের মধ্যে রিয়াজউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, এম মোজাম্মেল হক, রুহুল আমিন গাজী, গিয়াস কামাল চৌধুরী, এলাহি নেওয়াজ খান সাজু, কামাল উদ্দিন সবুজসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীরা অংশ নেন। জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক ইউনিয়ন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএইচবি/২২০৪ ঘ.