ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর এ দিনে ধানমণ্ডি ও বনানীতে মোতায়েন থাকবে প্রায় দেড় হাজার পুলিশ।
দিনটি পালনে গত বছরের মতো এবারো আওয়ামী লীগ জরুরি অবস্থার মধ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় শোক দিবস ঘোষণা করায় এবার ১৫ আগস্টে সরকারি বিভিন্ন কর্মসূচিও রয়েছে।
মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ১৫ আগস্টে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আগাম কোনো তথ্য পুলিশের কাছে নেই।
তিনি বলেন, "কাঙালিভোজ এবং উন্মুক্ত স্থানে আলোচনা সভার মতো কর্মসূচি ছাড়া বিভিন্ন সংগঠনের বাকিসব কর্মসূচিতে অনুমোদন দেওয়া হয়েছে।"
পুলিশ কমিশনার জানান, শুক্রবার ভোর ৫টা থেকে ধানমণ্ডি ও বনানীর বিভিন্ন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। পুলিশ ছাড়াও র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের সেখানে মোতায়েন করা হবে।
এবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশ এবং বনানীতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবর এলাকায় প্রায় দেড় হাজার পুলিশ থাকবে বলে জানান তিনি।
এছাড়া রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন করা হবে।
১৫ আগস্টে আওয়ামী লীগকে যেসব কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে আছে- ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া, দোয়া মাহফিল ও মোনাজাত এবং বনানী কবরস্থানে মিলাদ ও মোনাজাত।
এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া-মিলাদ এবং প্রার্থনা কর্মসূচি রয়েছে দলটির।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ধানমণ্ডিতে কর্মসূচি পালনের সময় ব্যানার, ফেস্টুন ব্যবহার ও শ্লোগান দেওয়া নিষিদ্ধ থাকবে। বনানী কবরস্থানেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
গোরস্থানের সামনের সড়কের দুইপাশে ব্যারিকেড বসিয়ে আগতদের শুধু একদিক দিয়ে কবরস্থানে ঢুকতে দেবে পুলিশ। গোরস্থানের প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে সবার দেহ তল্ল
bdnews24