ঢাকা, আগস্ট ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অবৈধ ভিওআইপির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ায় দেশের বৃহত্তম টেলিকম কোস্পানি গ্রামীণ ফোনকে ২৫০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ইতোমধ্যে গ্রামীণ ফোন জরিমানার একটি অংশ জমা দিয়েছে এবং এই টাকা শিগগির সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এর আগে ২০০৭ সালে একই কারণে ১৬৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা দেয় গ্রামীন ফোন।
বৃহস্পতিবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে গ্রামীণ ফোনের প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ইয়ামিন বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ইতোমধ্যে জরিমানার টাকা দিয়েছেন এবং এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দেবেন।
বিটিআরসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশে আন্তজার্তিক কল টার্মিনেশন একটি লাইসেন্সধারি সেবা। এক তদন্তে গ্রামীণ ফোনের অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমানিত হয় এবং সে কারণে তাদের জরিমানা করা হয়।"
তদন্তের সময় জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ডারস ইয়েনসেন এবং তার দল পুর্ণ সহযোগিতা করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিটিআরটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলমকে উদ্বৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "আমরা আশা করবো প্রত্যক্ষ ও পরোক্ষ কোন ভাবেই টেলিযোগাযোগ অপারেটরগুলো কোন ধরনের অবৈধ ভিওআইপির সঙ্গে যুক্ত হবে না।"
তিনি আরো বলেন, "এই ধরনের অবৈধ কল টার্মিনেশনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"
ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড প্রতিরোধের জন্য সরকারকে সহযোগিতা দিতে অপারেটরদের আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জিএনএ/১৮২৯ ঘ.
bdnews24