ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের মুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া চলছে। এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে এখনও এ সংক্রান্ত ফাইল আসেনি। আইনগত প্রক্রিয়া শেষ করে ফাইল আসবে। তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।"
আরেক প্রশ্নের উত্তরে এম এ মতিন জানান, তারেকের মুক্তির ব্যাপারেও অগ্রগতি হচ্ছে।
মুক্তির বিষয়ে খালেদা জিয়াকে আবেদন করতে হবে কিনা জিজ্ঞাস করা হলে তিনি বলেন, "এ ব্যাপারে আমি জানি না।"
মুক্তির ব্যাপারে সরকারের কাছে কোন আবেদন করবেন না বলে খালেদা জিয়া ইতিমধ্যেই তার আইনজীবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বুধবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চট্রগ্রামে সাংবাদিকদের জানাবার পর স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মুখ খুললেন।
গত সোমবার ও মঙ্গলবার এম এ মতিন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
২০০৭ সলের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে একটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়।এর পর তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয়। খালেদার বিরুদ্ধে বর্তমানে চারটি দুনর্িিত মামলা বিচারাধীন রয়েছে।
২০০৭ সালের ৮ মার্চ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় খালেদা জিয়ার ছেলে তারেককে। মেরুদণ্ডের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় অসুস্থ তারেক রহমান বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষগ্রহণসহ ১৬ টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৩৩৬ ঘ.
bdnews24