ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে আহমেদ মেডিক্যাল সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
মৃত রেবেকা শারমিন রিপার (২৩) আত্মীয়রা জানান, অ্যাপেনডিসাইটিস নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টায় আহমেদ মেডিক্যাল সেন্টারে ভর্তি হন রিপা। সন্ধ্যায় তার অবস্থা খারাপের দিকে গেলে ক্লিনিকের কর্মীরা রোগীকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর একরকম জোর করেই তাকে হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হয়। রিপাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান, অনেক আগেই তিনি মারা গেছেন।
তবে আহমেদ মেডিক্যাল সেন্টার কর্তৃপক্ষ এই মৃত্যুর দায় তাদের নয় বলে দাবি করেছে। তারা জানিয়েছেন রিপা বাংলাদেশ মেডিক্যালের চিকিৎসক বিদ্যুৎ মজুমদারের অধীনে এ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে আহমেদ মেডিক্যাল সেন্টারে গিয়ে দেখা যায়, একটি অ্যাম্বুলেন্সের ভেতরে রিপার লাশ শোয়ানো রয়েছে। অ্যাম্বুলেন্সের দরজা খোলা; পাদানিতে বসে কাঁদছেন নিহতের স্বামী মাজহারুল ইসলাম খসরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খসরু বললেন, "বিকেলে বেশ সুস্থ অবস্থায় রিপাকে ক্লিনিকে নিয়ে এসেছি। বাসা থেকে হেঁটে গাড়িতে উঠেছে। বিদ্যুৎ মজুমদার বললেন, 'কোনও সমস্যা নেই, মাইনর অপারেশন।' হাসপাতালে যাওয়ামাত্র ডাক্তার এসে দেখে স্যালাইন দিলেন। এর কিছুক্ষণ পর নার্সরা একটা ইনজেকশন দিল। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সংজ্ঞা হারালো। সেই যে গেল, আর জ্ঞান এলো না।"
খসরু দাবি করেন, তার স্ত্রীকে কোনও ভুল ইনজেকশন দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমার মনে হয় নার্সরা এই ভুলটা করেছে।"
আহমেদ মেডিকেল সেন্টারের মালিক ডা. রেজাউল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপাকে চিকিৎসাদানকারী ডা. বিদ্যুৎ মজুমদার তার ক্লিনিকের কেউ নন। মাঝে মাঝে তিনি সেখানে রোগী এনে অস্ত্রোপাচার করেন। একজন দক্ষ সার্জন জেনেই ডা. মজুমদারকে এ সুযোগ দেওয়া হয়েছে।
ক্লিনিক মালিক মন্তব্য করেন, "তার চিকিৎসাধীনে থাকা অবস্থাতেই রিপার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।"
ক্লিনিকে হৃদরোগের চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় রিপাকে অন্য হাসপাতালে নিতে বলা হয় বলে জানান ডা. মোর্শেদ।
রিপার স্বামী খসরু জানান, স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার স্ত্রীর অ্যাপেনডিসাইটিসের বিষয়টি নিশ্চিত হন তারা। বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বিদ্যুৎ মজুমদারের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় তার কথাতেই রিপাকে আহমেদ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। খসরু বলেন, ঘটনার পর থেকে বিদ্যুৎকে আর পাওয়া যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ক্লিনিকের দেওয়া ফোন নাম্বারে ডা. বিদ্যুৎ মজুমদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
খসরু ও রিপা ডেমরার রানীমহলে থাকতেন। তাদের দু' বছরের একটি ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/০০১৩ঘ.
bdnews24