ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনসহ প্রশাসনের গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী ১৮ আগস্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৮ আগষ্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকের তারিখ নির্ধারণ করা আছে"।
বৈঠকের আলোচ্যসূচী সম্পর্কে জানতে চাইলে কাজী আমিন বলেন, "এধরনের বৈঠকে পূর্ব নির্ধারিত কোন এজেন্ডা থাকে না"।
তবে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে উপজেলা এবং জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনে কর্মকর্তাদের ভূমিকা কেমন হবে, মাঠ প্রশাসনে (সিভিলও পুলিশ) রদবদল, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, খাদ্য পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে কথা বলবেন।
বৈঠকের শুরুতে সচিবদের নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার জন্য সময় দেওয়া হবে। এসময় শীর্ষ সরকারি কর্মকর্তারা চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বাড়ানোর দাবি তুলতে পারেন।
গত ২০০৭ সালের ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দায়িত্ব গ্রহণের পর সচিবদের সঙ্গে এটি তার চতুর্থ বৈঠক। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২০০৭ সালের ২৩ জানুয়ারী। দ্বিতীয় বৈঠক ২১ মে এবং তৃতীয় বৈঠক গত নভেম্ববর মাসে অনুষ্ঠিত হয়।
১৮ আগস্ট সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সচিবদের প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হবে বলে সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে।
গত ১০ আগস্ট চিঠিটি ইস্যু করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সভায় প্রশাসনিক দায়িত্ব পালনে সকল পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষতা এবং আগামী নির্বাচনে সচিবদের কি ভূমিকা হবে, এসব বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হতে পারে।
একই সঙ্গে গত বছরের নভেম্বর মাসে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার সর্বশেষ সভায় নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতির বিষয়েও এতে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে বিচার বিভাগের বিচারক ও কর্মকর্তাদের মতো সচিবসহ প্রশাসনিক কর্মকর্তাদের চাকরির বয়স বাড়ানোর বিষয়টিও প্রাধান্য পাবে।
এছাড়াও সচিবদের পক্ষ থেকে কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি, মাঠ প্রশাসনে রদবদলের নীতিমালাসহ অন্যান্য বিষয়েও তাদের মতামত তুলে ধরে তা পূরণের তাগিদ দেয়া হবে বলেও নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, গত বছরের নভেম্বর মাসে সর্বশেষ সভায় বিচারকদের মতো সচিবদের চাকরির বয়স বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১৯২৩ ঘ.
bdnews24