রংপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের দাবিতে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় রংপুরের পার্বতীপুর থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বরখাস্তরা হলেন- পার্বতীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জোবায়দুর রহমান ও কনস্টেবল নির্মল চন্দ্র।
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী সাফিউল হক এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গত রোববার রাতে পিয়াজ ব্যবসায়ী সাফিউল দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পিয়াজ কিনে ট্রাক্টরে করে রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে তার ওপর গুলি চালায় এসআই হায়দার আলীর নেতৃত্বাধীন টহল পুলিশের একটি দল।
অভিযোগ রয়েছে, হায়দার আলী ও তার সহযোগী পুলিশ সদস্যরা সাফিউলের কাছে ২ হাজার টাকা ঘুষ দাবি করে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সাফিউলকে গুলি করে হায়দার আলী। গুলি সাফিউলের পেটে লাগে।
বিভিন্ন সংবাদপত্রে এ খবর প্রকাশ হওয়ার পর ঘটনা খতিয়ে দেখতে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নওরোজ হাসান তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রংপুরের পুলিশ সুপার হাসিব আজিজও ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত শেষে বুধবার নওরোজ হাসান এসপির কাছে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে হায়দার আলীসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান। তবে এএসপি নওরোজ হাসান প্রতিবেদন জমা দেওয়ার কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
পুলিশ সুপার মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24