ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিশ্বমানের মেডিকেল কলেজ, হাসপাতাল ও সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর মিরপুরে 'কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউট' এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস বলেন, "আমরা কল্পনা থেকে পরিকল্পনার দিকে এগুচ্ছি। এক জায়গায় ২০০ একর জমি খুঁজছি। বিশ্বমানের একটি মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতাল হবে সেখানে। এই মেডিকেল কলেজ থেকে পাশ করার পর সারা পৃথিবীতেই চাকরি পাওয়া যাবে। এছাড়া সেবিকা প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি করা হবে। গ্রামীণ গরীব মহিলারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কাজ করতে পারবে।"
এই হাসপাতালের মাধ্যমে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করা হবে জানিয়ে ইউনূস বলেন, "যারা চিকিৎসা করাতে বিদেশে যান, তারা সমমানের চিকিৎসা একই খরচে এই হাসপাতালে পাবেন।"
এছাড়া গরীব মানুষ সেখানে বিনা পয়সায় চিকিৎসা পাবে বলে জানান তিনি।
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউট' এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেন, "বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। এ রোগে প্রতি ঘণ্টায় গড়ে মারা যায় ৫ জন। বাংলাদেশে প্রতি ছয় জনে একজন কিডনি সমস্যায় আক্রান্ত।"
তিনি বলেন, "কিডনি রোগ প্রাথমিকভাবে সুপ্ত অবস্থায় থাকে বলে ৬০ ভাগ রোগীই বিষয়টি বুঝতে পারেন না। যখন ধরা পড়ে তখন হয় ডায়ালাইসিস করতে হয় আর না হলে কিডনি সংযোজনের প্রয়োজন পড়ে। আমাদের দেশে দুটো চিকিৎসাই যথেষ্ট ব্যয়বহুল।"
অধ্যাপক হারুন অর রশিদ জানান, কিডনি ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। বর্তমানে ধানমন্ডিতে ফাউন্ডেশনের ২০ শয্যার একটি হাসপাতালে রয়েছে। গত দেড় বছরে আমরা ৮৬টি কিডনি সংযোজন করেছি। বিদেশের চেয়ে অনেক কম খরচে এসব অস্ত্রোপচার করা হয়েছে। ২০০ শয্যার এ হাসপাতাল হলে দেশের মানুষ অনেক কম খরচে চিকিৎসা পাবেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/জেকে/জিএনএ/১৬১১ ঘ.
bdnews24