চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ষোলশহর এলাকার জসিম উদ্দিন, নোয়াখালীর বেগমগঞ্জের আক্তার হোসেন (২৮), পটুয়াখালীর বাউফলের মজিবুর রহমান, ভোলার চর বোরহানউদ্দিনের মো. শাহজাহান।
অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদ পেয়ে নগরীর কোতোয়ালী এলাকার একটি সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রেলওয়ের সিআরবি পাহাড় থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার জন্য বেশ কয়েকশ ঘুমের বড়িও উদ্ধার করা হয়।
তবে নোয়াখালীতে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা মিন্টুকে গ্রেপ্তার সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাবুল আক্তার বলেন, এ চক্রের সদস্যরা ঢাকা ও চট্টগ্রামে সিএনজি চালিত অটো রিকশার যাত্রী হয়ে চালককে কৌশলে চেতনা নাশক ট্যাবলেট খাইয়ে অচেতন করে গাড়িটি নিয়ে পালিয়ে যেত। অধিকাংশ সময় চোরাই গাড়িগুলো নোয়াখালীতে মিন্টুর বাড়িতে নিয়ে যাওয়া হতো।
এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানান, এ চক্রের মূল হোতা মোহাম্মদ মিন্টু ঢাকার ধোলাই খাল সংলগ্ন বাইন্যানগরে থাকে। এ চক্রে প্রায় ২০ জন সদস্য রয়েছে বলেও গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।
গ্রেপ্তারকৃত শাহজাহান চুরির বর্ণনা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দূর পাল্লার জন্য তারা অটো রিকশা ভাড়া করে কিছুদূর যাওয়ার পর চালকের সঙ্গে খাতির জমিয়ে নিত। এক পর্যায়ে চা, পানি বা কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক বা ঘুমের বড়ি খাইয়ে চালককে অজ্ঞান করে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যেত। প্রতিটি অটো রিকশা ছিনতাই কাজের জন্য তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হতো বলে জানান শাহজাহান।
শাহজাহান আরও বলেন, চুরির পর অটো রিকশা তাদের দলনেতা মিন্টুকে বুঝিয়ে দেয়া হতো। পরবর্তীতে মিন্টু দালাল সেজে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ২০/৩০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিত।
এদের গ্রেপ্তারের আগে রোববার রাতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল নোয়াখালীর বেগমগঞ্জে মিন্টুর বাড়ি সংলগ্ন পুকুর থেকে দুটি এবং নগরীর বিভিন্ন স্থান থেকে আরও দুটি অটো রিকশা উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24