২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্গস ভবনের স্থান দিয়ে সংযোগ সড়ক উদ্বোধন ১৬ ডিসেম্বর

র‌্যাঙ্গস ভবনের স্থান দিয়ে তেজগাঁওয়ের সঙ্গে বিজয় সরণির সংযোগ সড়কের উদ্বোধন করা হবে আগামী ১৬ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র‌্যাঙ্গস ভবনের স্থান দিয়ে তেজগাঁওয়ের সঙ্গে বিজয় সরণির সংযোগ সড়কের উদ্বোধন করা হবে আগামী ১৬ ডিসেম্বর। এজন্য আগামী নভেম্বর মাসের শেষ নাগাদ ভবনটি ভেঙে ফেলে ১৬ ডিসেম্বরের আগেই সড়কের বাকি কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব এ এস এম রাশিদুল হাই। মঙ্গলবার সকাল ৮টার দিকে ভবন ভাঙা ও সড়ক নির্মাণ কাজের অগ্রগতি দেখতে যান রাশিদুল হাই। কাজের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, "র‌্যাঙ্গস ভবনের বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। নতুন সংযোগ সড়ক নির্মাণের জন্য এরই মধ্যে আরো নয়টি বাড়ি ভাঙা হয়েছে। ২০ আগস্টের মধ্যে আরো পাঁচটি ভাঙা শেষ হবে। বাকি নয়টি বাড়ির ব্যাপারে আদালতে মামলা রয়েছে। আশা করছি, সরকারের এ ধরনের একটি কাজ শেষ করতে আদালত ইতিবাচক সিদ্ধান্ত দেবে।" কোনো একটি বিশেষ বাড়ি রক্ষা করতে সড়কের নকশা পরিবর্তনের অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, "এ ধরনের অভিযোগ সত্য নয়। কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, নকশা পরিবর্তন করা হয়েছে সড়কের নির্মাণ ব্যয় কমাতে। কারণ প্রতিটি বাড়ি ভাঙতে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। সম্পূর্ণ সরকারি জমির ওপর দিয়ে সড়ক হলে ক্ষতিপূরণের পরিমাণ কমবে।" মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/জিএনএ/১৮৫০ ঘ.