ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ দুর্নীতি মামলায় হাসিনাকে হাজির হওয়ার আদালতের নির্দেশের ব্যাপারে আইনগত দিক পরীক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতির এ মামলায় হাসিনাসহ অন্য আসামিদের ২০ আগস্ট হাজির হওয়ার জন্য মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মতিন বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আদালত কি নির্দেশনা দিয়েছে তা এখনও আমরা জানি না। তবে আদালতের নির্দেশনা দেখেই আইনগত দিক পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১১ জুন আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি পেয়ে বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গত ৫ আগস্ট তার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়ায় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৬৫০ ঘ.
bdnews24