ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে অংশ নেবে জানিয়ে এজন্য দলের নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেছেন, "আশা করি উপজেলা নির্বাচন আগে হবে। আর এ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। এ জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।"
সোমবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাটা হাইস্কুল মাঠে এক কর্মী সভায় এরশাদ এ কথা বলেন।
বিএনপি ও আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, "অতীতে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে, জনগণের জন্য কিছু করেনি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় বসাতে চায়।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছ বলে মনে করেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, স্থানীয় জাপা নেতা ইয়াদ আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা গোলাম রেজা, গোলাম কাদের, অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, যশোর যাওয়ার পথে এরশাদ দুপুরে ফরিদপুরের রাজবাড়ী মোড়ে যাত্রাবিরতি করেন।
সেখানে তিনি বলেন, সত্য ও জবাবদিহিতা কমিশন না করলেই ভাল হতো।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, "আমি আগেই এর (সত্য ও জবাবদিহিতা কমিশন) বিরোধিতা করেছি, পত্রিকায় কলাম লিখেছি। দেশের প্রচলিত আইনেই দুর্নীতিবাজদের বিচার করা যেত। এতে জনগণ খুশি হতো।"
তিনি বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে ট্রুথ কমিশন (সত্য ও জবাবদিহিতা কমিশন) থাকবে কি না সেটা সময়ই বলে দেবে।"
দুর্নীতিবাজদের ছেড়ে দিয়ে সরকার তার অবস্থান থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন এরশাদ।
তার দল মহাজোটে থাকবে কি না জানতে চাইলে এরশাদ বলেন, "জাতীয় পার্টি মহাজোটে আছে, থাকবে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে জনগণের সেবা করাই একমাত্র লক্ষ্য।"
মহাজোট ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি করবে কি না জানতে চাইলে এরশাদ বলেন, "মহান আল্লাহ ছাড়া আর কেউ সেটা বলতে পারে না। তবে মহাজোটের সিদ্ধান্ত ছিল আমাকে প্রেসিডেন্ট করা হবে। আগামীতে কি হবে সেটা এখন বলা সম্ভব নয়।"
১৫ মিনিটের যাত্রাবিরতি সময় রাজবাড়ীর মোড়ে জেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা এরশাদকে স্বাগত জানান।
এর আগে সকালে এরশাদ মাগুরা সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাগুরা প্রতিনিধি জানান, শহরের আসাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টির কর্মী সভায় অংশ নেন পার্টির চেয়ারম্যান।
সভায় এরশাদ বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে তার দলের ক্ষমতায় যাওয়ার এবারই শেষ সুযোগ।
তিনি বলেন, "আগের নির্বাচনগুলোর সময় আমাকে কারাগারে রাখা হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে আমি মুক্ত অবস্থায় নির্বাচন করতে পারব।"
এ সুযোগ কাজে লাগাতে দলের ঐক্য আরও দৃঢ় করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাগুরা জেলা জাপা সভাপতি খান জিয়াউল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় নেতা এইচ এম গোলাম রেজা, অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, তরিকুল ইসলাম, খসরুল আলম, মুন্সি সেলিম রেজা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জেকে/২৩১০ ঘ.
bdnews24