চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামপাড়া থেকে সোমবার সকালে একটি অত্যাধুনিক একে-২২ রাইফেল ও একটি দু'নলা বন্দুক উদ্ধার করেছে র্যাব।
তবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে।
তিনি জানান, ইসলামপাড়া গ্রামের মিক্সার ব্রিজের কাছে একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব এ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ব্রিজের কাছে একটি ইলেকট্রিক পোলের নিচ থেকে একে-২২ রাইফেল ও দোনালা বন্দুকটি উদ্ধার করে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24