চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন ।
দণ্ডিতরা হলেন- মোহাম্মদ হেলাল, শামসুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে আমিন ডাকাত, নুরুল আলম, মো. লোকমান, মোহাম্মদ কামাল ও মোহাম্মদ ইউসুফ।
এদের মধ্যে হেলাল ও লোকমান ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- জয়নাল আবেদিন, মোহাম্মদ ইসহাক ও মো. জাগির।
বিচার চলাকালে নুরুল ইসলাম কথিত ক্রসফায়ার এবং মৌলভী আবু বক্কর সিদ্দিক অসুস্থতাজনিত কারণে মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে খুন হন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসাবে যোগ দিতে ইউনিয়নের আমিরখীল মজিদার পাড়ায় যাওয়ার পথে পূর্ব শত্র"তার জের ধরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
পরদিন আমিনুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দিন ১২ জনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌসুলি আহমদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩০২/৩৪ ধারায় এ রায় দেওয়া হয়েছে।
তিনি জানান, মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে স্থানান্তরের পর অল্প সময়ের মধ্যেই ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে মামলা নিষ্পত্তি করা হলো। সাজাপ্রাপ্তদের অধিকাংশই পেশাদার ডাকাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০১ ঘ.
bdnews24