২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ধাওয়া করে ব্যবসায়ীকে দারোগার গুলি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রোববার গভীর রাতে পুলিশের গুলিতে সাফিউল হক (৩৫) নামে এক ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। হিলি বন্দর থেকে ট্রাক্টরে পেঁয়াজ নিয়ে ফেরার পথে পাবর্তীপুর থানার দারোগা হায়দার আলী মোটরসাইকেলে ধাওয়া করে উপজেলার বিষ্ণপুর সর্দ্দার পাড়া এলাকায় তাকে গুলি করে। পিটিয়ে আহত করে ব্যবসায়ীর ট্রাক্টর চালক ও তার সহকারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

রংপুর, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জ উপজেলায় রোববার গভীর রাতে পুলিশের গুলিতে সাফিউল হক (৩৫) নামে এক ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। হিলি বন্দর থেকে ট্রাক্টরে পেঁয়াজ নিয়ে ফেরার পথে পাবর্তীপুর থানার দারোগা হায়দার আলী মোটরসাইকেলে ধাওয়া করে উপজেলার বিষ্ণপুর সর্দ্দার পাড়া এলাকায় তাকে গুলি করে। পিটিয়ে আহত করে ব্যবসায়ীর ট্রাক্টর চালক ও তার সহকারীকে। কম ঘুষ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দারোগা এ কাণ্ড ঘটান বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীর ট্রাক্টর চালক ও তার সহকারী। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গুলি করার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, ট্রাক্টরটি না থামানোয় পুলিশ গুলি করতে বাধ্য হয়। তবে এ ব্যাপারে এখনও মামলা হয়নি। পেটে গুলিবিদ্ধ অবস্থায় সাফিউল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাজেদ আলীর ছেলে। আহত ট্রাকটর চালক নুরন্নবী (৩৩) ও তার সহযোগী মামুনকে (২৮) ভর্তি করা হয়েছে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বদরগঞ্জ-মধ্যপাড়া সড়কে দারোগা হায়দার আলী ও এক কনস্টেবল টহল দিচ্ছিলেন। তারা জানতে পারেন- একদল ডাকাত ট্রাকটরে করে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। তারা ট্রাকটি আটকের জন্য ধাওয়া করলে সেটা বদরগঞ্জের সীমানায় ঢুকে পড়ে। এ সময় পুলিশ গুলি করলে সাফিউল গুলিবিদ্ধ হন।" তিনি বলেন, "খবরটি ভুল ছিল। তবে ট্রাকটরটি না থামায় পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে।" তবে ঘুষ চাওয়ার অভিযোগ এবং গুলি করার ঘটনায় দারোগা হায়দারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেননি ওসি হাবিবুর রহমান। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা মামুনুর রশীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি পার্বতীপুর থানার, সে কারণে তাদের সঙ্গে যোগাযোগ করুন।" বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন নুরন্নবী ও মামুন সাংবাদিকদের জানান, দারোগা হায়দার তাদের রাইফেলের বাট দিয়ে পিটিয়েছেন। দারোগা ব্যবসায়ী সাফিউলের কাছে ঘুষ চেয়েছিলেন। তাকে ঘুষ না দেওয়ায় ইচ্ছাকৃতভাবে গুলি করেছেন। তারা জানান, সাফিউল হক দিনাজপুরের হিলি বন্দর থেকে ৭০ বস্তা পিঁয়াজ ট্রাকটরে করে নিয়ে আসছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তারা মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির কাছে এলে পার্বতীপুর থানার দারোগা হায়দার আলী ট্রাকটর থামিয়ে সাফিউলের কাছে দু' হাজার টাকা ঘুষ চান। ৫০ টাকা দিলে দারোগা হায়দার আলী ক্ষুব্ধ হয়ে ওঠে। এনিয়ে ওই দারোগার সঙ্গে সাফিউলের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আবার বদরগঞ্জের দিকে রওনা হন। দারোগা মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। ট্রাক্টরটি বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর সর্দ্দার পাড়া এলাকায় আসার পর দারোগা শর্টগান দিয়ে সাফিউলকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। রংপুরের পুলিশ সুপার (এসপি) হাসিব আজিজও পুলিশের গুলিতে ব্যবসায়ী আহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি প্রথমে দিনাজপুরের এসপির কাছে শুনেছেন। বিষয়টি তিনি দেখছেন বলেও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/১৭৫১ ঘ.