গাজীপুর, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকরা রোববার রাতে সদর উপজেলার ভোগড়া এলাকার মীম ডিজাইন নামে একটি তৈরী পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয়।
এতে কারখানার সুতার গুদাম, খাবার ক্যান্টিনের অনেক মালামাল পুড়েছে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, মজুরি ও জুলাই মাসের বেতনের দাবিতে রোববার দুপুর থেকে ওই কারখানার শ্রমিকরা কাজ ছেড়ে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে। সন্ধ্যার পর মালিকপক্ষের লোকজন শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ করতে থাকেন। ওই সময় কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, উৎপাদন হিসেবে তাদের মজুরি কম দেওয়া হচ্ছে। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা শুরু হয়।
নাজমুল ইসলাম বলেন, "বাক-বিতণ্ডার এক পর্যায়ে কারখানায় গুজব ছড়িয়ে পড়ে মালিকপক্ষের লোকজন ৭/৮ জন শ্রমিককে বেদম মারধর করেছে এবং এর ফলে দুই শ্রমিক মারা গেছে। এমন খবরে শ্রমিকরা লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে কারখানায় হামলা চালায়। তারা কারখানার মূল ভবনের পাশে সুতার গুদাম, ক্যান্টিন ও স্টোর রুমে আগুন ধরিয়ে দেয়।"
ঘটনার পর কারখানায় আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
রাত ৮ টার দিকে টঙ্গী ও গাজীপুর থেকে দমকলকর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর দমকল স্টেশনের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, "আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১১১১ ঘ.
bdnews24