চট্টগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর একে খান ও সিটি গেট এলাকা থেকে চোরাই ভারতীয় শাড়ি ও মোবাইল ফোন সেট উদ্ধার এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
পাহাড়তলী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে এসব চোরাই মাল উদ্ধার করে।
পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক গাজী অহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, একে খান গেট এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ চ্যালেঞ্জ করলে চালক একটি সাদা প্রাইভেট কার রেখে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪০২ পিস দামী ভারতীয় শাড়ি উদ্ধার করে।
তিনি জানান, এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। গাড়িটিও জব্দ করা হয়েছে।
থানার অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় নগরীর সিটি গেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯টি চোরাই মোবাইল ফোন সেটসহ জাহাঙ্গীর আলম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, জাহাঙ্গীর চোরাই মোবাইল ফোন সেট কেনা বেচার সঙ্গে জড়িত।
এ দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24