রাজশাহী, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ৪ আগস্ট রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন একজন কাউন্সিলর প্রার্থী। একইসঙ্গে আবারও ভোট গনণার দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পর ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন তার নির্বাচনী এজেন্ট।
১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী রেজাউন নবী আল মামুনের পক্ষে তার নির্বাচনী এজেন্ট আনোয়ার ইকবাল বাদল রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা জানান, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলে বিষয়টির নিষ্পত্তি করা হবে।
নগরীর সাহেব বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আনোয়ার ইকবাল বাদল দাবি করেন, ১৫ নম্বর ওয়ার্ডের 'তার যোগাযোগ প্রাথমিক বিদ্যালয়' কেন্দ্রে রেজাউন নবী আল মামুনের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম আনসারী রাত পৌনে ১১টার দিকে ঘোষিত ফলাফলে জানিয়েছিলেন- রেজাউন নবী আল মামুন (চাবি প্রতীক) পেয়েছেন ৭৯২ ভোট। কিন্তু লিখিত ফল বিবরণীতে মামুনের ভোট সংখ্যা উল্লেখ করা হয় ৬৯২। বিজয়ী আব্দুস সোবহানের প্রাপ্ত ভোট সংখ্যা দেখানো হয়৭৮৩।
বাদল দাবি করেন, ফল বিবরণীতে কোন প্রার্থীর নির্বাচনী এজেন্টের স্বাক্ষরও ছিল না।
তিনি বলেন, দু'রকম ফলাফলের বিষয়টি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করলে তিনি বলেছিলেন- 'আপনারা ভুল শুনেছেন'। ব্যালট পেপার কোথায়- জানতে চাইলে তা প্যাকেট করা হয়েছে বলে জানিয়েছিলেন প্রিজাইডিং কর্মকর্তা। নির্বাচনী এজেন্টদের স্বাক্ষর না থাকার বিষয়ে তার জবাব ছিল- সবাই চলে গেছেন বলে নেওয়া হয়নি।
নির্বাচন হওয়ার এতদিন পর কেন এ অভিযোগ তোলা হচ্ছে- সাংবাদিকদের এ প্রশ্নে জবাবে বাদল জানান, তারা নির্বাচনের পরদিনই কমিশনের কাছে লিখিত অভিযোগে করেছেন। সময় সুযোগের কারণে সংবাদ সম্মেলন করতে এত দেরি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ওই কেন্দ্রে মামুনের নির্বাচনী এজেন্ট তাইফুর রহমান তিতাস, মামুনের ভাই অ্যাডভোকেট রাশেদ উন নবী ও সমর্থক আতিকুজ্জামান প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24