ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার মাসের বেশি সময় সুইডেনে কাটানোর পর শুক্রবার ভারতে ফেরা তসলিমা নাসরিন কোনো সমস্যা তৈরি করবেন না বলে আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
কট্টর ইসলামপন্থী কয়েকটি সংগঠনের হুমকির মুখে ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের এই লেখক।
কলকাতা থেকে সিএনএন-আইবিএন এর সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তসলিমা। এর পরপরই তাকে নিরাপত্তা বাহিনীর লোকজন অজ্ঞাত গন্তব্যে নিয়ে যায়।
তসলিমার ফিরে আসা সম্পর্কে প্রণব মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, "আমরা আশা করি যারা আমাদের দেশে আসবেন তারা আমাদের নাগরিকদের জন্য ক্ষতিকর কিছু করবেন না। এতে তাদের অবস্থান করা নিয়েও কোনো সমস্যা হবে না।"
তসলিমার ভারতীয় ভিসার মেয়াদ আছে ১২ আগস্ট পর্যন্ত।
পশ্চিমবঙ্গে জঙ্গীদের প্রতিবাদ-বিক্ষোভ দাঙ্গায় রূপ নিলে ২০০৭ সালের নভেম্বরে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ তাকে প্রথমে পশ্চিম ভারতের রাজস্থানের এক অজ্ঞাত হোটেলে রাখার পর দিল্লি নিয়ে যায়। এর পর তিনি ভারত ত্যাগ করেন।
কট্টর ইসলামপন্থীদের বিক্ষোভের মুখে তসলিমাকে দেশ ছাড়তে কার্যত 'বাধ্য' করায় ধর্মনিরপেক্ষ আদর্শের ভারতের সরকারের নিন্দা করেছেন সমালোচকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/এসএনডি/এমএইচবি/২১২৫ ঘ.
bdnews24