২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ওপর পারিবারিক নির্যাতন বিপুল আর্থিক ক্ষতিরও কারণ: সিপিডি

নারীর ওপর পারিবারিক নির্যাতনের কারণে সরাসরি আর্থিক ক্ষতির একটি চিত্র তুলে আনার চেষ্টা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার সংস্থাটির এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, দেশে এ ধরনের ঘটনায় নির্যাতিতা নারীর চিকিৎসা বাবদ বছরে যে ব্যয় হয় তা মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর ওপর পারিবারিক নির্যাতনের কারণে সরাসরি আর্থিক ক্ষতির একটি চিত্র তুলে আনার চেষ্টা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার সংস্থাটির এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, দেশে এ ধরনের ঘটনায় নির্যাতিতা নারীর চিকিৎসা বাবদ বছরে যে ব্যয় হয় তা মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ১ শতাংশ। রাজধানীতে এক সেমিনারের মাধ্যেমে 'মিসিং ডায়নামিকস অফ স্পাউসল ভায়োলেন্স ডিসকোর্স: মেসারিং দি ইকোনমিক কস্ট' শীর্ষক এ গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হয়। সংস্থাটির গবেষণা শাখার অতিরিক্ত পরিচালক ও প্রবন্ধটির লেখক ফাহমিদা খাতুন বলেন, পারিবারিক নির্যাতনের শিকার প্রত্যেক নারীর ক্ষেত্রে বছরে গড়ে ১৮ হাজার ৯১৭ টাকা ব্যয় হয়। চিকিৎসা ব্যয় ছাড়াও এর মধ্যে আইনি সহায়তা বাবদ খরচ ও অসুস্থতার কারণে নষ্ট হওয়া কর্মদিবসের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। ফহমিদা বলেন, নারীর ওপর দাম্পত্য নির্যাতনের ধরন, মাত্রা ও এ কারণে সরাসরি যে আর্থিক ক্ষতি হচ্ছে এই গবেষণায় তারই একটি চিত্র তুলে আনার চেষ্টা করা হয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সেমিনারে বলেন, আমাদের দেশে নারীর ওপর পারিবারিক সহিংসতার বিষয়ে এক ধরনের সামাজিক প্রশ্রয় কাজ করে। কোনো নারী নির্যাতনের অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাইলে থানা থেকে তাকে নিরুৎসাহিত করা হয় বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, "পারিবারিক নির্যাতন বন্ধ করতে হলে আমাদের এ মানসিকতার পরিবর্তন দরকার।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, নারী অধিকার আন্দোলন কর্মীদের কাজের ক্ষেত্র চিহ্নিত করার ব্যাপারে এই গবেষণা যথেষ্ট সহায়ক হবে। এ ধরনের নির্যাতনকে 'নীরব অপরাধ' আখ্যায়িত করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ডোরা রাপোল্ড জানান, এ ধরনের অভিযোগ পেলে তার দেশে অপরাধীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে বিভিন্ন নারী অধিকার সংগঠনের প্রতিনিধিরা এ সেমিনারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেকে/এমএইচবি/২০৫৪ ঘ.