২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতানের জন্মদিন উপলক্ষে নড়াইলে ৫ দিনের কর্মসূচি

শিল্পী এস এম সুলতানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শনিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনের কর্মসূচি। এস এম সুলতান জন্মোৎসব উদযাপন পর্ষদ ও এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 05:29 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

নড়াইল, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী এস এম সুলতানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শনিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনের কর্মসূচি। এস এম সুলতান জন্মোৎসব উদযাপন পর্ষদ ও এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। জন্মোৎসব উদযাপন পর্ষদের সভাপতি অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার (৯ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত সুলতানের প্রতিষ্ঠিত 'শিশুস্বগের্' শিশুদের নিয়ে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হবে। ক্যাম্পে শিশুদের আঁকা ছবি নিয়ে ১৩ আগস্ট সকালে আয়োজন করা হবে প্রদর্শনীর। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিল্পীর জন্মদিন রোববার (১০ আগস্ট) এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, কোরআন খানি, মিলাদ মাহফিল, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহরের ডাক বাংলো থেকে 'শিশুস্বর্গ' পর্যন্ত শোভাযাত্রা ও আলোচনা সভা হবে। রোববার দুপুর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা। শহরের জেলা প্রশাসকের ঘাট থেকে শুরু হয়ে চিত্রা সেতুতে গিয়ে শেষ হবে বাইচ। এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার। স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান এস এম সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে। সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে। ১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পীসমাজে প্রতিষ্ঠা মেলে। আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালের ১০ আগস্ট যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/