কক্সবাজার, আগষ্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের বড় বাজার এলাকার ছয়টি চালের দোকান থেকে বৃহস্পতিবার ও শুক্রবার ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের এক হাজার ৭১৯ বস্তা ভিজিডি'র চাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- দুর্গা ট্রেডার্সের দুই কর্মচারি লোহাগাড়ার দুলাল দাসের ছেলে রাজন দাস (২০) এবং সাতকানিয়ার খগেন্দ্র দত্তের ছেলে রতন দাস (২০)।
যেসব দোকান থেকে চাল উদ্ধার করা হয়েছে সেগুলো হল- দোকানগুলো হলো- প্রফুল্ল দাসের লক্ষ্মী ভাণ্ডার (১০৩ বস্তা), মৃদুল কান্তিপালের গুরু ভাণ্ডার (৬১৭ বস্তা), অনিল কান্তি দাসের দুর্গা ট্রেডার্স (২৯২ বস্তা) এবং জসিম উদ্দিনের হোসেন ট্রেডার্স (২৮২ বস্তা), অরুণ কান্তি দে-এর মেসার্স রঙ্গ ট্রেডার্স (১৬৮ বস্তা) এবং মিলন কান্তি পালের আর কে ট্রেডার্স (২৫৭ বস্তা)।
উদ্ধার করা এ চালের আনুমানিক দাম ৩১ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে অংশ নেওয়া কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক জাকির হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বড় বাজারে চারটি চালের দোকানে অভিযান চালানো হয়। এ দোকানগুলো থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি'র (ডব্লিউএফপি) প্যাকেটজাত এক হাজার ১০ বস্তা ভিজিডি'র চাল, চাল বোঝাই একটি ট্রাক এবং দুই দোকান কর্মচারীকে আটক করা হয়।
উদ্ধার করা এ চালের দাম প্রায় ১৮ লাখ টাকা বলে জানান তিনি।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বড় বাজারে চারটি চালের দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে বৃহস্পতিবারের দু'টি দোকানও রয়েছে।
এদিন উদ্ধার করা হয় ৭০৯ বস্তা চাল। গুরু ভাণ্ডারে চাল নামানোর সময় একটি ট্রাকও আটক করা হয়।
উদ্ধার করা চালের দাম প্রায় ১৩ লাখ টাকা বলে জানান তিনি।
উপ-পরিদর্শক হামিদুল হক জানান, উদ্ধার করা চালগুলো কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় নয়জনকে আসামি করে জরুরি আইনে একটি মামলা হয়েছে।
এরা হলেন- প্রফুল্ল দাস, মৃদুল কান্তি পাল, অনিল কান্তি দাস, জসিম উদ্দিন, রাজন দাস, রতন দাস, আব্দুস সালাম, নীলু দাস ও মুজিব।
আটক দুই দোকান কর্মচারি সাংবাদিকদের জানান, এসব চাল কেনা হয়েছিল সদর উপজেলার কলেজ গেইট এলাকার আলম ট্রেডার্সের মালিক নীলু দাস ও লোহাগাড়ার মুজিবের কাছ থেকে।
উপজেলা গেইটের সালাম ট্রেডার্সের মালিক আবদুস সালামও এ ঘটনায় জড়িত বলে জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24