ঝিনাইদহ, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া থেকে অপহৃত কলেজ ছাত্র আব্দুল্লাহ আজাদ ওরফে মানিককে চারদিন পর বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা এলাকার ভাটই বাজার এলাকা থেকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে।
মানিককে উদ্ধারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন - শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের বৃষ্টি ও তার মা রেবেকা, আশরাফুল, মহিদুল, বিপ্লব ও কাইয়ুম।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহুলবাড়ি গ্রামের বাসিন্দা এবং কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মানিককে গত সোমবার শৈলকুপা যাওয়ার পথে অপহরণ করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম বদিউজ্জামান জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অপহরণের মূল হোতা কুষ্টিয়ার কুমারখালী বানিয়াখড়ি গ্রামের আলম ও তার স্ত্রী পরিচয় দেওয়া সুবর্ণা ওরফে সুমি।
ওসি জানান, আলম ও সুমি নিষিদ্ধ ঘোষিত গোপন সংগঠন গণমুক্তি ফৌজের ক্যাডার।
তিনি জানান, মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে মানিককে অপহরণ করা হয়েছে। আটক বৃষ্টির মাধ্যমে এ বছর মার্চে মানিকের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেছিল সুমি। পরে জুলাই মাস থেকে মানিকের সঙ্গে তার কথা বলা শুরু হয়। এ সূত্রে মানিককে শৈলকুপার দুধসর গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানায় সুমি। সোমবার সেখানে যাওয়ার পথে মানিককে অপহরণ করা হয়।
ওসি জানান, মোবাইল ফোনে মানিকের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে মানিককে ছেড়ে দিতে রাজি হয় তারা। সে অনুযায়ী বৃহস্পতিবার মানিকের আত্মীয় স্বজন শৈলকুপায় আসে এবং মুক্তিপণ দিয়ে ভাটই এর পাশ্ববর্তী ফলিয়া স্কুল এলাকা থেকে তাকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24