ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বুধবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করেছেন ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান।
বৃহস্পতিবার রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে রিটকারীর একজন কৌসুলী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। রিটটির ওপর শুনানি করবেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, দুই কমিশনার, কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মূখ্য সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, নির্বাচনী আইন অনুযায়ী একটি জাতীয় সংসদ নির্বাচনের পর আদমশুমারি অনুষ্ঠিত হবে। তারপর নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে।
আবেদনে আরও বলা হয়, আইন অনুযায়ী জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে ভোটার তালিকা প্রণয়নের আগে। কিন্তু ভোটার তালিকার শতকরা ৯৯ ভাগ কাজ শেষ করার পর গত ১০ জুলাই সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ করা হয়।
আবেদনে এখন সীমানা পুনর্নির্ধারণ করা বেআইনী ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়।
রিটে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা, সীমানা পুনর্নির্ধারণ নয়।
এর আগে আব্দুল মান্নানের আরেক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।
সেই রিটটি বিচারপতি এম এ রশিদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চূড়ান্ত শুনানির জন্য বিচারাধীন।
গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা প্রাথমিকভাবে পুনঃনির্ধারণ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৪৮ঘ.
bdnews24