২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ডিআইজির আলোচিত সাত শিশুর 'সিবলিং টেস্ট'

পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানের আলোচিত সাত শিশু সন্তান সত্যিই পরস্পর ভাই-বোন কিনা- বুধবার তার একটি পরীক্ষা (সিবলিং টেস্ট) হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানের আলোচিত সাত শিশু সন্তান সত্যিই পরস্পর ভাই-বোন কিনা- বুধবার তার একটি পরীক্ষা (সিবলিং টেস্ট) হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা বলেছেন, শিশুদের বাবা-মায়ের পরিচয় নিশ্চিত করতে আনিসুর দম্পতি হাসপাতালে এলে ডিএনএ পরীক্ষাও করা হবে। এ সাত শিশুর ডিএনএ ও সিবলিং টেস্ট করতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বুধবারই নির্দেশ দেয় হাইকোর্ট। আদালত খুব কাছাকাছি বয়সের এ সাত শিশুকে আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির তত্ত্বাবধানে রাখারও নির্দেশ দেয়। এ সময় পর্যন্ত শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। শিশুদের ডিএনএ টেস্ট ও তাদের হেফাজতের জন্য জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহম্মদের বেঞ্চ এ আদেশ দেয়। ওই শিশুদের আদালতে হাজির করা হলে দুপুর একটার কিছু পর তাদের সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের নাম- জান্নাতুল মরিয়ম, আইমন রহমান আনিস, আনাস রহমান আকন্দ, নাফিস রহমান নাইস, দাইয়ান রহমান, জান্নাতুল নাফিজা রহমান ও জান্নাতুল আনিসা রহমান। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মিজানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বেলা পৌনে ২টার দিকে সাত শিশুর সিবলিং টেস্ট করা হয়েছে। তবে শিশুদের বাবা-মা না আসায় ডিএনএ পরীক্ষা হয়নি।" সিবলিং টেস্টের প্রতিবেদন ১২ আগস্টের মধ্যে জমা দিতে আদালতের আদেশের উল্লেখ করে তিনি বলেন, "এ সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে চেষ্টা করব। না হলে আদালতের কাছে সময় চেয়ে নেওয়া হবে। আর এর মধ্যে শিশুদের বাবা-মা এলে ডিএনএ পরীক্ষা করা হবে।" পরীক্ষার পর বিকেলে সাত শিশুকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নেয় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও মহিলা আইনজীবী সমিতি। মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুগুলিকে তাদের আশ্রয়কেন্দ্র 'প্রশান্তি'তে রাখা হবে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থাও তাদের তদারকি করবে। ২০০৬ সালের মে মাসে সংবাদ মাধ্যমে সাবেক ডিআইজির স্ত্রী আনোয়ারা রহমানের প্রায় একই রকম বয়সের সাত বাচ্চার খবর প্রচারিত হলে জনমনে ব্যাপক কৌতুহলের সঞ্চার হয়। এ ঘটনায় সন্দেহ তৈরি হলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ২০০৬ সালের ২ জুন বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চায়। মানবাধিকার সংস্থা পরে ডিআইজি আনিসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২০০৬ সালের ৭ জুন বাড্ডা থানায় আরেকটি জিডি করে। ওই দিনই বাড্ডা পুলিশ ঢাকার সিএমএম আদালতে শিশুদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করানোর অনুমতি চায়। পরদিন মানবাধিকার বাস্তবায়ন সংস্থাও ওই আদালতে একই পরীক্ষার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। এরপর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক আখতারুজ্জামানকে প্রধান করে মেডিকেল বোর্ড করা হয়। কিন্তু নির্ধারিত দিন মা আনোয়ারা রহমান উপস্থিত না থাকায় ডিএনএ টেস্ট করা যায়নি। বিষয়টি নিয়ে এরপর থেকে পাল্টাপাল্টি আইনী তৎপরতা চলতে থাকে। জাতীয় মহিলা আইনজীবী সমিতি শিশু সাতটিকে নিজেদের কাছে রাখার জন্য একটি রিট করে। অন্যদিকে ডিআইজি আনিস সংশয়ের অবসান করতে সিঙ্গাপুরে শিশুদের ডিএনএ টেস্ট করানোর জন্য আবেদন করেন। এ রিট ও পাল্টা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিঙ্গাপুরে ডিএনএ টেস্ট করানোর অনুমতি দেয়। কিন্তু এর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন দুটি আপিল করলে ২০০৬ সালের ২৯ জুন আপিল বিভাগ বিষয়টি আবার হাইকোর্ট পাঠায়। এছাড়া এ মামলায় আদালতকে সাহায্য করার জন্য সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামকে এমিকাস কিউরি নিয়োগ করা হয়। মাহমুদুল ইসলামও শিশুদের ডিএনএ টেস্ট করানোর পক্ষে মত দেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান জানিয়েছেন, শিশুদের ডিএনএ টেস্ট সিঙ্গাপুরে করাতে হলে এর খরচ বহন করবে তার সংস্থা। মানবাধিকার সংগঠন দুটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও ফৌজিয়া করিম ফিরোজ। ডিআইজির পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাজোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এলএইচ/এসএনডি/এসকে/১৮৫১ঘ.